ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দুদের মন্দির ও বাড়িঘর গতকাল বুধবার পরিদর্শন করেছেন ১৪ দলের নেতারা। পরে তাঁরা গৌরমন্দিরে সমাবেশে যোগ দেন।
সমাবেশে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নাসিরনগরে হিন্দুদের মন্দির-বাড়িঘরে হামলাকারীদের কালো হাত ভেঙে দেওয়া হবে। অপরাধীদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে। এই লুটেরা, খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা করলে কারও চাকরি থাকবে না। তিনি এ হামলার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের উল্লেখ করে নাসিম বলেন, ‘খালেদা জিয়া মনে করেছিলেন হিলারি জয়ী হলে আওয়ামী লীগকে শুইয়ে দেবেন। এখন বিএনপি শুয়ে গেছে।’
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দল কিংবা মুখ দেখে নয়, নাসিরনগরে তাণ্ডব চালানো সবাইকে অপরাধী বিবেচনা করে গ্রেপ্তার করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখনই নাসিরনগরে এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা অসিত বরণ রায়, ঐক্য ন্যাপের ইসমাইল হোসেন, তরীকত ফেডারেশনের মুসতাকিন বিল্লাহ, জাতীয় পার্টির এজাজ হোসেন, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক প্রমুখ।
জাপা প্রতিনিধিদলের পরিদর্শন: এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত হিন্দুদের মন্দির ও বাড়িঘর পরিদর্শন করে। এই প্রতিনিধিদলে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক উপদেষ্টা সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।