ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার স্পর্শকাতর স্থানগুলোতে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এ ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, শিমরাইল এলাকাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি স্পর্শকাতর এলাকা। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮টি জেলার প্রধান ৩৩টি রুটের দূরপাল্লার যানবাহন এ এলাকা দিয়ে চলাচল করে। এতে শিমরাইল মোড়ের বিভিন্ন স্পটে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। অপরাধীদের শনাক্ত করতে শিমরাইল থেকে কাঁচপুর পর্যন্ত আটটি ও সিদ্ধিরগঞ্জ থানায় চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
সিসি ক্যামেরা উদ্বোধনের সময় পুলিশ সুপার বলেন, সিসি ক্যামেরার সাহায্যে ওসির কক্ষ থেকেই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।