অপরাধীদের শাস্তি দাবি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ায় শুক্রবার রাতের দুর্ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন সেখানকার ক্ষতিগ্রস্ত ২৫টি বাড়ির মালিক। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ভবন ধসে পড়ার কারণে তাৎক্ষণিক ও সরাসরি এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সব বাড়ির মালিক ও ভাড়াটেদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, ঘটনার জন্য দায়ী ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, রাজউক কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং এ কাজের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি ও শাস্তি প্রদান এবং দুর্ঘটনাস্থলে চলাচলের রাস্তা মেরামত, গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন সংস্কার, চালু করা ইত্যাদি।সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা না থাকায় ২৫টি বাড়ির প্রায় ২০০ পরিবারকে এখন অন্যত্র অবস্থান করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে বাড়ির মালিক মাসুদ পারভেজ, হারুনুর রশিদ, ইয়াসিন দীপু, সাইফুর রহমান প্রমুখ বক্তব্য দেন। দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী পাঁচতলা একটি বাড়ির (২৪৩/এ-১৭) মালিক ইয়াসিন দীপু প্রথম আলোকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের লোকদের বারবার সাবধান করেছি, কিন্তু তাঁরা বারবার আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা ক্ষমতাবান, ধরাছোঁয়ার বাইরে।’ তিনি দাবি করেন, তাঁর পাঁচতলা বাড়িটি রাজউকের নকশামাফিক নির্মিত হয়েছে।৫০ ভাগের মতো ভরাট হয়েছে: সেনাবাহিনীর দলটি গতকালও পাইলিংয়ের গর্ত মাটি দিয়ে ভরাটের কাজ করেছে। দেখা যায়, বিশাল গর্তের পূর্ব অংশে অনেক দূর কাজ হয়েছে। তবে পশ্চিম প্রান্তে এখনো বেশির ভাগ অংশ খালি রয়েছে। পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউকের গঠিত তদন্ত দল ঘটনাস্থল ঘুরে দেখা ছাড়াও অভিযুক্তদের বিষয়ে কাজ করছে। তবে মালিকদের অনেককে পাওয়া যাচ্ছে না। সে জন্য কাজে সমস্যাও হচ্ছে।