অপরাধীর দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে: কাজী রিয়াজুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্র গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ওই শিশুসহ ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন অন্য শিশুদের গতকাল দুপুরে দেখতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সেখান থেকে বেরিয়ে দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুর কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শিশুটিকে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। মন্দের ভালো, আসামি ধরা পড়েছে। তবে ধরা পড়লেই তো হবে না, দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।
দিনাজপুরের শিশুটিকে গত ২৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতেরও চিহ্ন ছিল।
গত শনিবার রাজধানীর ভাটারায় নির্যাতনের শিকার শিশুর কথা উল্লেখ করে কাজী রিয়াজুল হক বলেন, ১৪ বছরের এক শিশুকে এলাকার এক রাজনৈতিক নেতার ভাই দুই সহযোগীসহ ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালান। এসব ঘটনায় পুলিশের উচিত কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত শেষ করা। সরকারবাদী এসব মামলার আইনজীবীদের আন্তরিক হতে হবে। শুধু অভিযোগপত্রের দুর্বলতার কারণে মামলা নষ্ট হয়ে যায়। আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না।
অপরাধ করেও শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেই অপরাধপ্রবণতা বাড়ছে উল্লেখ করে কাজী রিয়াজুল হক বলেন, চোর তো চাইবেই চুরি করতে। তাই বিচার হচ্ছে—সে ধরনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন আইনে এসব অপরাধের শাস্তি যা আছে, তা কম নয়।
শিশুটির অবস্থা স্থিতিশীল: দিনাজপুরের শিশুটির জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড গতকাল তাকে দেখেছে। মেডিকেল বোর্ডের সদস্য ও হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ-উল হক প্রথম আলোকে বলেন, শিশুটির অবস্থা স্থিতিশীল আছে। তার মানসিক বিপর্যয় কিছুটা কেটেছে। সে অন্যদের চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করছে। সামনের সপ্তাহে আরেকবার তাকে অচেতন করে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে।
ওসিসির হিসাব: ওসিসি সূত্র বলেছে, গত মাসে নির্যাতন ও ধর্ষণের শিকার সর্বোচ্চ ৮১ জন নারী ও শিশু বিভিন্ন সেবা নিতে ওসিসিতে ভর্তি হয়। অন্য সময় মাসে এ সংখ্যা ৫০ থেকে ৫৬ থাকে। গত মাসে ধর্ষণের শিকার আড়াই বছরের এক শিশুসহ ২৫টি শিশু ভর্তি হয়। গতকাল ওসিসিতে থাকা ১১টির মধ্যে ৭টি শিশুই ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ যে করেছে, তার বয়সও কম পাওয়া যাচ্ছে। বর্তমানে শিশুদের হাতেও দামি মোবাইল ফোন দেওয়া হচ্ছে এবং তারা ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ পাচ্ছে। মূল বিষয় হলো, অপরাধীর বয়স যা-ই হোক, তারা অপরাধটা শিখছে কোথা থেকে, সে জায়গায় হাত দিতে হবে।’