সংগীতা মণ্ডলকে (১৪) ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে। সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সংগীতা বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী লিউটন মণ্ডল (২৫) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। তার বাবা কার্তিক মণ্ডল ধর্ষণের বিচার চেয়ে প্রত্যাখ্যাত ও অপমানিত হলে লজ্জায় বৃহস্পতিবার সে আত্মহত্যা করে। সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে গতকাল সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দীনকে কালো ব্যাজ পরিয়ে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ১৪ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে।যশোরের জেলা প্রশাসকের তহবিল থেকে সকালে সংগীতার পরিবারকে ১৫ হাজার টাকা, দুই বান্ডিল টিন, একটি শাড়ি, একটি লুঙ্গি এবং ২০ কেজি চাল দেওয়া হয়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন এগুলো হস্তান্তর করেন।