অপরাধীর সাজা নিরপরাধীর কাঁধে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ না করলেও একটি চোরাচালানির মামলার আসামি করা হয়েছে বিজয় রুদ্র (৫০) নামের এক ব্যক্তিকে। নাম জালিয়াতি করে তাঁকে ওই মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় ২০০৭ সালে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কয়েক মাস কারাভোগের পর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। ওই আদালতের নির্দেশেই গত বৃহস্পতিবার সকালে যশোরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।বেসরকারি সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান, যশোরের নিম্ন আদালতের আইনজীবী শহীদ আনোয়ার ও শাহরিয়ার বাবু আসামি বিজয় রুদ্রের পক্ষে বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করেন।মনবাধিকারনেত্রী এলিনা খান জানান, বিজয় রুদ্রের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামে। মামলার প্রকৃত আসামি অপুচন্দ্র সরকার ১৯৯৮ সালে যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানির পণ্যসহ পুলিশের হাতে আটক হন। এ সময় শার্শা থানার পুলিশ একটি মামলা করে। অপুচন্দ্রের বাড়ি ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি গ্রামে। আটকের সময় তিনি নিজেকে চট্টগামের সাতকানিয়া উপজেলার মৃত ক্ষীরোধ রুদ্রের ছেলে বিজয় রুদ্র হিসেবে পরিচয় দেন। এলিনা খান আরও জানান, আটক হওয়ার পর অপুচন্দ্রকে যশোর কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর অপু (বিজয় রুদ্র নামধারী) উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। হাজির না হওয়ায় আদালত ২০০০ সালের ১২ জুলাই মামলার আসামি বিজয় রুদ্রকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন। সাতকানিয়া থানার পুলিশ ২০০৭ সালের ২২ আগস্ট বিজয় রুদ্রকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। যশোর কারাগারের তৎকালীন তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক নাম জালিয়াতির ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রথম ব্যক্তির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি ও পরের জনের গায়ের রং কালো, উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। দুইজনের ছবিও আলাদা। এতে প্রমাণিত হয়েছে, একই মামলায় দুইবার গ্রেপ্তার হওয়া ব্যক্তি দুইজন। এ সময় বিজয় রুদ্রের স্ত্রী চন্দনা রুদ্র নাম জালিয়াতির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আপিল করেন। আপিল চলাকালে আদালত বিজয় রুদ্রকে প্রথমে তিন মাস ও পরে এক বছর করে দুইবার জামিন বর্ধিত করেন। গত ১০ জুন হাইকোর্ট নিন্ম আদালতের সাজা বহাল রেখে নথি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিজয় রুদ্রকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর পক্ষের উচ্চ আদালতের আইনজীবী সুব্রত চৌধুরীর কাছে ওই সময়ে তিনি কারা কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য কাগজপত্র জমা দেন। কিন্তু ওই আইনজীবী আদালতে এসব কাগজপত্র দাখিল করেননি। এ কারণে আদালত নাম জালিয়াতির বিষয়টি চিহ্নিত না করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘সে সময় আদালতে মামলার নথির বাইরে অন্য কাজপত্র দেওয়ার সুযোগ ছিল না। তা ছাড়া অন্য কাগজপত্রও বোধহয় তখন আমার হাতে ছিল না।’ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ জেড এম ফিরোজ বলেন, একই আদালত সাজা দিয়ে আবার জামিন দিতে পারেন না। তাই নিম্ন আদালত জালিয়াতির বিষয়টি জেনেও বিজয় রুদ্রকে জামিন দিতে পারেননি।