অপরাধে জড়িত শিশুদের বিকল্প পন্থায় সংশোধন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিকল্প পন্থায় সংশোধনের সুযোগ নিশ্চিত করতে হবে। বিকল্প পন্থায় সংশোধনের মডেল তৈরি করতে হবে। আদালতে আনার আগে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অপরাধে অভিযুক্ত শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
রাজধানীর ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ কনফারেন্স হলে গতকাল সোমবার সকালে ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী বিকল্প পন্থা: যশোর ও খুলনার অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় পর্যায়ে এক অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অপরাধে অভিযুক্ত শিশুর সুরক্ষায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন বলেন, ছোট বা বড় অপরাধে অভিযুক্ত শিশুর জন্য দেশের প্রতিটি থানায় শিশু হেল্প ডেস্ক এবং জেলা ও দায়রা জজ আদালতে শিশুর জন্য শিশু কোর্টের ব্যবস্থা রাখতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, শিশু অপরাধ মামলা সামলানোর ক্ষেত্রে আইনের মধ্যে থেকে শিশুর স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, তা ভাবতে হবে। জামিনের ক্ষেত্রে শিশুর সামাজিক ও পারিপার্শ্বিক পরিমণ্ডল বিবেচনা করতে হবে। শিশু আইনেও কিছু সমস্যা আছে, যা সংশোধনে কাজ করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইউনিসেফের জিন লিবে বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের প্রত্যেকেরই সংশোধনের জন্য দ্বিতীয় কিংবা তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত।’
সভায় যশোরের সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, ২০১৩ সাল থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ৯৮ জন শিশু-কিশোর পরিবারের মাধ্যমে থানা থেকে বিকল্প পন্থায় মুক্তি পেয়েছে। আর আদালতের সম্মতিক্রমে ৩৮ জন বিকল্প পন্থায় মুক্তি পেয়েছে। অধিকাংশ শিশুই এখন ভালো আছে।