অপরাধে না জড়াতে শপথ পাঠ করালেন হেফাজতের আমির
চুরি, ডাকাতি, ধর্ষণসহ কোনো ধরনের অপরাধে না জড়াতে শপথ পাঠ করিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের লালদীঘি মাঠে সংগঠনটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের সমাপনী দিনে উপস্থিত হাজারো মানুষকে তিনি শপথ পাঠ করান।
এ সময় শাহ আহমদ শফী বলেন, ‘আমরা মিথ্যা কথা বলব না। চুরি, ডাকাতি, ধর্ষণ করব না। অপরের সম্পদ নষ্ট করব না। কারও নামে বদনাম করব না।’ পরে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
এর আগে গত বৃহস্পতিবার ইসলামি মহাসম্মেলনের উদ্বোধনী দিনে আলেম-ওলামাদের জঙ্গি না বলার আহ্বান জানান হেফাজতের আমির। তিনি বলেন, ‘এ দেশে কোনো জঙ্গি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বলেছেন, এ দেশে কোনো জঙ্গি নেই। সবাইকে ভালোভাবে চলতে হবে। যাতে কেউ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বলতে না পারে।’
ব্যক্তিগত জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম পালনের বিষয়টি উল্লেখ করে ইসলামি মহাসম্মেলনের উদ্বোধনী দিনের বক্তৃতায় শাহ আহমদ শফী বলেন, ‘তিনি আস্তিক। আমরাও আস্তিক। আমাদের আর তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ঢাকার শাপলা চত্বরে সেদিন হেফাজতে ইসলামের কর্মীরা গিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে।’ সরকার চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরাও চাচ্ছি এগুলো বন্ধ হোক। এতে বোঝা যায় আমরা সরকারের কাজ করছি। আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। এ আন্দোলন কেয়ামত পর্যন্ত বজায় থাকবে।’