অপরাধের বিবরণ শুনলেন কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামির কাঠগড়ায় কামরুল নিজে না থাকায় পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করেছিলেন সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলের পক্ষের আইনজীবীরা। গতকাল বুধবার মহানগর দায়রা জজ আদালতে ১১ সাক্ষী পুনরায় সাক্ষ্য দেন। আর কামরুল আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন তাঁর অপরাধের বিবরণ। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরাও করেছেন।
পুনরায় সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় ২৫ অক্টোবর আদালতের ধার্য করা তারিখে মামলার যুক্তিতর্ক সম্পন্ন হবে বলে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী।
রাজনের পরিবারের নিয়োগ করা আইনজীবী মশরুর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, সাক্ষীরা আদালতে উপস্থিত হয়ে কামরুলকে প্রধান আসামি হিসেবে শনাক্ত করেন। নির্যাতনের ২৮ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও চিত্রে কামরুলকেই সবচেয়ে বেশি মারধর করতে দেখা গেছে জানিয়ে রাজন হত্যার জন্য প্রধানত কামরুলকেই দায়ী করেন সাক্ষীরা। পুনরায় সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কামরুল নিজে শুনলেন তাঁর অপরাধের কথা।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও বাসস্টেশনে বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা রাজনকে হত্যার পরপরই কামরুল সৌদি আরবে পালিয়ে যান। ১৫ অক্টোবর তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন গত রোববার অভিযুক্ত অন্য আসামিদের সঙ্গে কামরুলকে প্রথম আদালতে হাজির করা হয়। ওই দিন কামরুলের পক্ষের আইনজীবী মামলার সব সাক্ষীকে রি-কল করার আবেদন করলে আদালত নামঞ্জুর করে মামলার যুক্তিতর্কের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেন। গত মঙ্গলবার আদালতে আসামিপক্ষের আইনজীবীরা পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করলে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা থেকে ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ হয়। এর মধ্যে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া সিলেটের দুই বিচারিক হাকিম সাহেদুল করিম ও আনোয়ারুল হক সাক্ষ্য দেন। পরে জালালাবাদ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন, এসআই আমিনুল ইসলাম, সিলেটের মদনমোহন কলেজের ছাত্র ইশতিয়াক আহমদ চৌধুরী, রাজনের বাবা শেখ আজিজুর রহমান, মা লুবনা বেগম ও চাচা শেখ আল-আমিনসহ ১১ জন সাক্ষী আসামিদের শনাক্ত করে সাক্ষ্য দেন। বেলা দেড়টা পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।