অপরাধের সুষ্ঠু বিচারের দায়িত্ব পালন করেছে রাষ্ট্র: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যেই অপরাধ করুক, তার সুষ্ঠু বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে রাষ্ট্র সেই দায়িত্বই পালন করেছে।
আজ সোমবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে যতটুকু জানেন, তা হলো—যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে ফাঁসিই হলো প্রথম শাস্তি। সে ক্ষেত্রে অপরাধের নৃশংসতা ও ভিন্নতা বিচার করে ফাঁসি দিয়েছেন বিচারক। তিনি মনে করেন, এই রায়ে জনগণ সন্তুষ্ট হবে এবং রায় নিয়ে যে ভীতির সৃষ্টি হয়েছিল তা দূর হবে।
এখন এই মামলার পরবর্তী ধাপ কী হবে—এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলার নথি সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে।
এ সময় নাগরিকত্ব আইনের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধা সুরক্ষা করে নাগরিকত্ব আইন করা হবে।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।