অপরিকল্পিত আহরণে বাঁশ উৎপাদন কমছে
বান্দরবানে ১০ বছরে প্রাকৃতিক বনাঞ্চলে বাঁশের উৎপাদন দুই-তৃতীয়াংশ কমে গেছে। আগে পার্বত্য অঞ্চলের অভ্যন্তরীণ ব্যবহার ছাড়াও এ জেলা থেকে প্রতিবছর প্রায় দুই কোটি বাঁশ ব্যবসায়ীরা সমতল এলাকায় নিয়ে যেতেন। এখন প্রতিবছর গড়ে মাত্র ৬০-৭০ লাখ বাঁশ ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন বলে বন বিভাগ ও ব্যবসায়ীরা জানিয়েছেন।মুলি বাঁশের জীবনাবর্তন, জুমের আগুনে বাঁশঝাড়ের ক্ষতি, বনের ওপর জনসংখ্যা বৃদ্ধির চাপ এবং অপরিকল্পিত আহরণের কারণে বাঁশের উৎপাদন দ্রুত কমে যাচ্ছে বলে বন বিভাগের কর্মকর্তারা বলেছেন। তবে পরিবেশ অ্যাকটিভিস্ট জুয়ামলিয়ান আমলাই বলেন, বাঁশ উৎপাদনে জুমচাষ ক্ষতিকারক নয়, অপরিকল্পিত আহরণ বা ব্যবসার কারণে বাঁশের উৎপাদন কমে যাচ্ছে। শত শত বছর ধরে চলে আসা জুমচাষ ক্ষতিকর হলে এত দিন পার্বত্য অঞ্চলে বাঁশ নিশ্চিহ্ন হয়ে যেত অথবা সমতল ভূমিতে যেখানে জুমচাষ হয় না, সেখানে সবচেয়ে বেশি বাঁশ পাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন।লামার রেফারফাঁড়ি, শীলেরতুয়া এলাকায় মাতামুহুরী নদীতে দীর্ঘ বাঁশের ভেলা টানতে টানতে জসীম উদ্দিন, আবদুল জব্বার, মিজানুর রহমান জানান, তাঁরা আলীকদমের তৈনখাল, মাতামুহুরী রিজার্ভ, চৈক্ষ্যং ও রোয়াম্ভু, কলাঝিড়িসহ বিভিন্ন এলাকায় একটি বাঁশ আট থেকে ১২ টাকায় কিনে থাকেন। সেখান থেকে নদীপথে ঘাটে ঘাটে বৈধ-অবৈধ টাকা দিয়ে চকরিয়ায় বাঁশ নিয়ে আসেন। চকরিয়া থেকে বাঁশ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম বৈধভাবে দেওয়ার কথা স্বীকার করলেও অবৈধভাবে টাকা দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, মুলি বাঁশে হাজারে এক হাজার ৪০০ টাকা, মিতিঙ্গা বাঁশে এক হাজার ৫০০ টাকা, টেংরা মূলি ৬০০, ভাঁজালি ৪০০ টাকা বৈধ রাজস্ব দিয়ে বাঁশ নিয়ে যান। তবে তাঁরা বছরে কী পরিমাণ বাঁশ বান্দরবান থেকে নিয়ে যান, তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। লামা বিভাগীয় বন কর্মকর্তা শাহীদ আলী বলেন, জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদী উপত্যকা এবং আলীকদমে অবস্থিত এক লাখ দুই হাজার একরের মাতামুহুরী প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের ছয়টি বাঁশমহাল থেকে বর্তমানে বাঁশ আহরণ করা হয়। তিনটি বন বিভাগ এ তিন নদী উপত্যকা থেকে প্রতিবছর দুই কোটি টাকার অধিক রাজস্ব আয় করে। এ আয়ের অর্ধেকাংশের বেশি লামা বন বিভাগ থেকে আদায় করা হয়। বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা তোছিফুল বারী খান ও পাল্পউড বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন বলেছেন, জুমচাষে বাঁশঝাড় ক্ষতিগ্রস্ত না হলে এবং পরিকল্পিত আহরণ করার উদ্যোগ থাকলে বাঁশের উৎপাদন বৃদ্ধি আরও বাড়ানো যেত।