
পরিকল্পনাকে অগ্রাহ্য করে নগরে যে যার মতো করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতারা। তাঁরা বলেন, সুশাসনের অভাবে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। জনগণকেই এসব ব্যয়বহুল অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নে বাধা দিতে হবে। অপরিকল্পিতভাবে উন্নয়ন হলে সব টাকা অপচয় হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন-অগ্রাধিকার প্রকল্প’ শীর্ষক সংবাদ সম্মেলনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান বলেন, মাঠ তৈরি না করেই একেকটি প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই টাকা কারা পাবে সেটিও ঠিক করা থাকে। এসব প্রকল্প আদি পরিকল্পনা গ্রন্থে আছে কি না তা কেউ দেখছেন না। এখন যেভাবে উন্নয়নের নামে টাকা ভাসিয়ে দেওয়া হচ্ছে, অপরিকল্পিত হওয়ায় এই টাকা জলে যাবে।
দৃশ্যমান উন্নয়ন দেখানোর জন্য বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মুহাম্মদ সিকান্দার খান আরও বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) যে উড়ালসড়কগুলো নির্মাণ করছে তা কী দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ছিল? বাহবা কুড়ানোর জন্য এবং প্রিয় পাত্র হওয়ার জন্য বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে। জনগণের কল্যাণের জন্য নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। লিখিত বক্তব্যে বলা হয়, বন্দর নগর চট্টগ্রাম ক্রমশই চরম দুর্ভোগের এবং অকার্যকর নগরে পরিণত হতে যাচ্ছে। গত কয়েক দশক ধরে নগর অকার্যকরের কফিনে একটা একটা করে পেরেক মারা হচ্ছে। অপরিকল্পিত নগরের কারণে চট্টগ্রামবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এখনই সাতটি পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ দেন ফোরামের নেতারা। এগুলো হচ্ছে, সিএস ও আরএস অনুযায়ী নগরের সব খাল খনন, গভীরতা ও প্রশস্ত করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা, ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী নতুন খাল খনন, জলাধার ও সিল্টট্র্যাপ (বালির ফাঁদ) করা, সব নালা-নর্দমা সংস্কার ও নিয়মিত পরিষ্কার রাখা, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে কর্ণফুলী নদীর ধারণ ক্ষমতা বাড়ানো, নালা-নর্দমায় যাতে বর্জ্য না ফেলে সে জন্য কঠোর আইন প্রয়োগ এবং পাহাড় কাটা বন্ধ করা।
এসব পদক্ষেপ বাস্তবায়ন ছাড়া শুধুমাত্র জোয়ার রোধক ফটক ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করে এবং পাম্প বসিয়ে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি বলেন, এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ফোরামের নির্বাহী সহসভাপতি প্রকৌশলী এবিএমএ বাসেত, সহসভাপতি স্থপতি বিধান বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, সদস্য শামসুল হোসাইন ও শাহরিয়ার খালেদ।