কুড়িলে উড়ালসেতুর নির্মাণকাজের উদ্বোধন
অপরিকল্পিত নগরায়ণ বন্ধে দৃঢ় সংকল্পবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করে রাজধানীবাসীকে অসহনীয় যানজট, জলাবদ্ধতা ও পরিবেশদূষণ থেকে রেহাই দিতে তাঁর সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সরকার এসব সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল রোববার রাজধানীর কুড়িলে বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে ৩.১ কিলোমিটার কুড়িল বহুমাত্রিক ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, নগরবাসীর যাতায়াতব্যবস্থা নির্বিঘ্ন করতে তাঁর সরকার যানজট নিরসনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে।তিনি বলেন, তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ‘রূপকল্প ২০২১’ কর্মসূচি হাতে নিয়েছে তার অংশ হিসেবে তাঁরা ঢাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তাঁরা রাজউক এবং অন্যান্য সংস্থার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।তিনি জানান, নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে তাঁর সরকার ইতিমধ্যেই সংযোগ সড়ক, উড়ালসেতু, দ্বিতল সড়ক, পাতাল সড়ক, কমিউটার রেলওয়ে, রিংরোড ও শহরের চারপাশে নৌ-পরিবহন চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে। দ্বিতল সড়ক নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং খুব শিগগিরই এ কাজের দরপত্র আহ্বান করা হবে।শেখ হাসিনা বলেন, সরকার পুরান ঢাকার যানজট কমাতে রাজউক গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে বাবুবাজার পর্যন্ত একটি উড়ালসেতু নির্মাণ করতে যাচ্ছে।প্রধানমন্ত্রী জানান, রাজধানীর ওপর থেকে চাপ কমাতে কাছাকাছি এলাকায় চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। ইতিমধ্যে গাজীপুর ও সাভারে স্যাটেলাইট শহর গড়ে তোলার কার্যক্রম অনেক দূর এগিয়েছে।রাজধানীর ওপর থেকে চাপ কমাতে চারপাশের শহরগুলো থেকে সহজে ঢাকায় আসা ও যাওয়ার জন্য সরকার কমিউটার সার্ভিস চালু করারও উদ্যোগ নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ঠিক একই লক্ষ্যে রাজধানীর বাইরে বিশেষ বিশেষ শিল্প-কারখানা এলাকা গড়ে তোলা হবে। রাজধানী থেকে যাঁরা তাঁদের কারখানা ওই সব এলাকায় স্থানান্তর করতে চাইবেন সরকারের পক্ষ থেকে তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য যাতে স্থানীয় কর্মকর্তাদের ঘন ঘন রাজধানীতে আসতে না হয়, সে জন্য তাঁর সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করারও উদ্যোগ নিয়েছে।তিনি জানান, তাঁর সরকার রাজধানীতে ছয়টি রেলওয়ে ওভারপাসসহ কয়েকটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।ভর্তি-বাণিজ্যে অসন্তোষ: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি-বাণিজ্য আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতির স্থায়ী কমিটির সদস্যরা গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি তাঁদের কাছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।