অপরিকল্পিত নগরায়নই জলাবদ্ধতার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কপথগুলোকে ঈদের আগেই চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।মন্ত্রী গতকাল রোববার দুপুরে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা-মাওয়া সড়ক ও ঢাকা-নবাবগঞ্জ সড়ক পরিদর্শন করেন। কেরানীগঞ্জের সড়ক এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগেই যানজট নিরসনসহ সড়কগুলো যানবাহন চলাচলে সহনীয় পর্যায় রাখার চেষ্টা করছি।’ তিনি বন্ধডাকপাড়া এলাকার সড়কের জলাবদ্ধতা দূর করার জন্য শিগগিরই সড়কের পানিনিষ্কাশন করে সেখানে আপাতত ইটের খোয়া ফেলে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন এবং বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যাতে যানবাহন পার্কিং করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। চাঁদাবাজি বন্ধের দাবি: যোগাযোগমন্ত্রী কেরানীগঞ্জ পরিদর্শনকালে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতুসংলগ্ন রাজধানী এলাকার পোস্তগোলা ও বাবুবাজারে এবং কেরানীগঞ্জের সড়কগুলোতে যানবাহনে চাঁদাবাজি বন্ধের জন্য যোগাযোগমন্ত্রীর কাছে দাবি জানান। মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সুপারিনটেন্ডেন্ট (এসই) শাহাবুদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জেল হায়দার প্রমুখ।