অপরিকল্পিত নর্দমা, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কির লইগ্যা যে টাহা খুয়াইয়া ড্রেন (নর্দমা) বানায়, হেয়া কইতে পারি না। আমাগো খোলা ড্রেন ভালো আছেল। অন্তত রাস্তায় পানি ওডে নাই।’ এ কথা বলেন বরিশাল শহরের রিকশাচালক মোহাম্মদ আলী। নগরের বগুড়া রোডের রিকশাচালক মো. আবুল হোসেন বলেন, ‘এত টাহা খরচ কইরা লাভ কী হইল, ভালা বৃষ্টি হওয়ার আগেই রাস্তায় আডুসমান পানি জমে।’ গতকাল মঙ্গলবার এক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয়েছে নগরের অধিকাংশ স্থান। এর মধ্যে উল্লেখযোগ্য সদর রোড, বাংলাদেশ ব্যাংক, অশ্বিনী কুমার হল, বগুড়া রোড, মুনশীর গ্যারেজ, কালীবাড়ি রোড, কাউনিয়া, বাজার রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সব সড়ক। এসব সড়কের কোনো কোনো স্থানে এক থেকে দেড় ফুট পানি জমে যায়।নগরবাসীর অভিযোগ, নর্দমা নির্মাণের ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনের পরিকল্পনাহীন উদ্যোগ এবং কাউন্সিলর, ঠিকাদার ও প্রকৌশলীদের লাভ-লোকসানের বিষয়টি প্রাধান্য পেয়েছে। নগরের খাল ভরাট করে অপরিকল্পিতভাবে নর্দমা নির্মাণের কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।নগরের শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসিন্দা আজমল হোসেন বলেন, পানি সরবে কীভাবে, নর্দমা নির্মাণের সময় ঢালাইর নিচে যে কাঠ ও বাঁশ ব্যবহার করা হয়েছে, তা অপসারণ করা হয়নি। যার জন্য ওই নর্দমা দিয়ে পানি সরছে না। তা ছাড়া বড় বড় খাল ভরাট করে সরু নর্দমা নির্মাণ করা হয়েছে।বরিশাল মানবাধিকার জোট সভাপতি সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘আমার জীবনে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এক হাঁটু পানি দেখিনি। যুগোপযোগী নর্দমার ব্যবস্থা না থাকায় জনগণ এই দুর্ভোগ পোহাচ্ছে।বরিশাল নদী-খাল ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘নগরবাসীকে এই দুর্ভোগে ফেলছে বরিশাল সিটি করপোরেশন। একসময় বরিশালের যে নর্দমা ছিল, তাতে পানি শুষে নেওয়ার ব্যবস্থা ছিল। বর্তমান ব্যবস্থায় তা করা হয়নি। আমরা মৌখিক ও লিখিতভাবে বলার পরও কাউন্সিলর ও ঠিকাদারদের খুশি রাখতেই ওই ব্যবস্থায় নর্দমা করা হয়েছে।’বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, ‘অপরিকল্পিত নয়, আমাদের নির্মিত নর্দমার দুই-একটি স্থানে কাঠ রয়েছে। তাও তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’