একটু বৃষ্টি হলেই বগুড়ার প্রথম শ্রেণীর শেরপুর পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে যায়। নালার নোংরা পানি উপচে ঢুকে পড়ে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এ সময় দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। পরিকল্পিতভাবে নালা নির্মাণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে পৌরসভার বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছে।১৬ সেপ্টেম্বর প্রায় এক ঘণ্টা বৃষ্টির পর শহরের ১৩টি মহল্লার সড়ক ঘুরে দেখা গেছে, পরিকল্পিতভাবে নালা নির্মাণ না করায় একটু বৃষ্টিতেই নালার নোংরা পানি সড়কের ওপরে জমে গেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আরও দেখা গেছে, বৃষ্টির কারণে শহরের রামচন্দ্রপুরপাড়া, বিকালবাজার সড়ক, ডক্টরস মার্কেট সড়ক, সান্যালপাড়া, খন্দকারপাড়া, খেজুরতলা সড়ক, হাসপাতাল রোড, সবুজ মেলা কেজি স্কুল সড়ক, নয়াপাড়া, বসাকপাড়া, বাগানবাড়ী সড়ক, নন্দীগ্রাম সড়ক ও শান্তিনগর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বিকালবাজার এলাকার বাসিন্দা নয়া মিয়া সরকার বলেন, বৃষ্টি হলে সড়কের পাশে নালার দুর্গন্ধময় পানি উপচে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। প্রায় এক যুগ ধরে এমন পরিবেশে কষ্ট করে বসবাস করতে হচ্ছে। বসাকপাড়ার বাসিন্দা অপরেশ বসাক বলেন, বৃষ্টিতে সড়কের মধ্যে হাঁটুপানি জমে যায়। নোংরা পানির মধ্য দিয়ে চলাফেরায় করায় লোকজন অসুস্থ হয়ে পড়ছে। ডক্টরস মার্কেটের একজন জুতা ব্যবসায়ী বলেন, বেশি বৃষ্টি হলে নালার দুর্গন্ধময় পানি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ কারণে বৃষ্টি হলে তাঁর মতো অনেক ব্যবসায়ীকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখতে হয়। সান্যালপাড়ার বাসিন্দা সমির অধিকারী বলেন, নামেই শেরপুর পৌরসভা প্রথম শ্রেণীর। নাগরিক সুযোগ-সুবিধা তেমন নেই। সড়কের জলাবদ্ধতার সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েও সমস্যার সমাধান করেনি, বরং সমস্যা দিন দিন বেড়েই চলেছে।পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম বলেন, বৃষ্টিতে সড়কের ওপর জমে থাকা পানি যাতে সহজে নদীতে গিয়ে পড়তে পারে, সে জন্য পৌর এলাকায় আটটি বড় নালা নির্মাণ করা প্রয়োজন। কিন্তু আটটির জায়গায় এখন মাত্র একটি নালা আছে। এ ছাড়া আগে শহরের ভেতরে সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে নালা নির্মাণ করা হয়েছে। এ কারণে সড়কের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বাকি সাতটি বড় নালা নির্মাণের জন্য আরও প্রায় আট কোটি টাকা প্রয়োজন। সহকারী প্রকৌশলী আরও জানান, গত অর্থবছরে শহরের মধ্যে নালা নির্মাণে ৫৪ লাখ টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থবছরে আরও ৪৯ লাখ টাকার দুটি প্রকল্পের মাধ্যমে নালা নির্মিত হবে। মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, পৌরসভার নিজস্ব আয় দিয়ে এত বড় সমস্যার সমাধান করা খুবই কষ্টকর। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।