অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট দুই কোটি টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ও কমলাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া শৌলা খালের ওপর ৭০০ মিটারের মধ্যে অপরিকল্পিত বাঁধ, স্লুইসগেট ও সেতু নির্মাণের কারণে সরকারের প্রায় সোয়া দুই কোটি টাকা গচ্চা গেছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এখন আবার আরেকটি সেতু নির্মাণের কাজ চলছে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় না থাকায় এ অবস্থা হয়েছে।এলজিইডি, পাউবো এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কার্যালয় সূত্র জানায়, ২০০২-০৩ অর্থবছরে সদর উপজেলার লোহালিয়া ও কমলাপুর ইউনিয়নের সীমান্তবর্তী শৌলা খালের ওপর সওজ ২৮ লাখ টাকা ব্যয়ে একটি বেইলি সেতু নির্মাণ করে। লোহালিয়া-কমলাপুর ইউনিয়ন ছাড়াও বাউফল উপজেলার বগা ও আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার পানি ওঠা-নামা করে এই খাল দিয়ে। প্রাকৃতিক দুর্যোগ ও অস্বাভাবিক জোয়ারে খালের পানি বাড়লে ওই চারটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়। এ অবস্থায় পাউবো ২০০৪-০৫ অর্থবছরে খালের পূর্ব পাশে শৌলা গ্রামে ৪২ লাখ টাকায় এক কপাটের একটি স্লুইসগেট নির্মাণ করে। কিন্তু পানির প্রবল চাপে স্লুইসগেটটির পাশ দিয়ে বাঁধের একটি স্থানে ভেঙে যায়। ফলে স্লুইসগেটটি আর কোনো কাজে আসেনি।২০০৭ সালে সিডরের পর শৌলা খালের বেইলি সেতুটি দেবে গেলে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে জোয়ারের পানিতে সেতুটি ডুবে যেত। অন্যদিকে জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হতে থাকে। এ অবস্থায় পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক করতে পাউবো নতুন করে ২০০৮ সালে খালের পশ্চিম পারে লোহালিয়া গ্রামে এক কোটি টাকায় একটি স্লুইসগেট নির্মাণ করে। এদিকে এলজিইডি সরাসরি সড়ক যোগাযোগ চালু করতে ওই খালের ওপর পুরোনো বেইলি সেতুর স্থানে নতুন করে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের ১ আগস্ট এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় এক কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা। অন্যদিকে পাউবো একই খালে পর পর দুটি স্লুইসগেট নির্মাণ করেও খালের পানি নিয়ন্ত্রণ করতে না পেরে এবার বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়। ২০১০-১১ অর্থবছরে পাউবো নির্মাণাধীন সেতুর অদূরে খালে প্রায় ৫৮ লাখ টাকায় আড়াআড়ি একটি বাঁধ দেয়।পাউবো ও এলজিইডি শৌলা খালের প্রায় ৭০০ মিটার এলাকার মধ্যে দুটি স্লুইসগেট, একটি বাঁধ নির্মাণ করেছে। আর একটি সেতু নির্মাণাধীন রয়েছে। এতে ইতিমধ্যে সোয়া দুই কোটি টাকা ব্যয় হয়েছে। আরও ব্যয় হবে প্রায় দুই কোটি টাকা।কমলাপুর ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম মৃধা বলেন, নতুন করে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। আবার বাঁধ দিয়ে খালটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বাঁধের প্রয়োজন হয়, তাহলে স্লুইসগেট কেন। এখন যদি আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়, তাহলে নতুন স্লুইসগেটটির সঙ্গে শৌলা খালের সংযোগ তৈরি করতে হবে। আর এ জন্য বাঁধের পাশ দিয়ে নতুন করে খাল কেটে শৌলা খালের সঙ্গে সংযোগ দিতে হবে। তা না হলে পানি নিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়বে। তিনি আরও বলেন, যদি পাউবো ও এলজিইডি মিলে সমন্বয় করে উন্নয়নকাজগুলো করত, তাহলে সরকারের এই বিপুল অঙ্কের টাকা গচ্চা যেত না।এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাইদ আহমেদ বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তারা ওই খালে সেতু নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজ এগিয়ে যাওয়ার পর পাউবো কাছাকাছি ওই খালে একটি বাঁধ দেয়। সেতুর পাশেই বাঁধ হবে—এই পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করা হয়নি।পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ‘আমি এখানে সবেমাত্র যোগদান করেছি। বিষয়গুলো সম্পর্কে এখনো পুরোপুরি জানা হয়নি। সমন্বয়হীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় থাকা দরকার।’