অপরিকল্পিত বাড়িঘর, রংপুরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকলেও রংপুর শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠছে বাড়িঘর। অপরিকল্পিতভাবে নির্মাণ করা এসব বাড়িঘরের কারণে শহরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। সেই সঙ্গে হুমকির মুখে পড়েছে পরিবেশ। সম্প্রতি রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে। এ মাসের মধ্যেই বিভাগীয় কমিশনারের কার্যক্রম চালু করার কথা রয়েছে। সরেজমিনে শহরের রামপুরা, ভগি, বালাপাড়া, সিও বাজার, কেল্লাবন্দ, পার্বতীপুর, খলিফাপাড়া, ইসলামবাগ, পর্যটনপাড়া, কেরানীপাড়া, মেডিকেল পূর্বগেট, সর্দারপাড়া, ধাপ হাজীপাড়া, নীলকণ্ঠ, জলকর, ইসলামপুর, হনুমানতলা, নিউ জুম্মাপাড়া, খাসবাগ, মহাদেবপুর, দক্ষিণ বাবুখা, গণেশপুর, আশরতপুর, বনানীপাড়াসহ শহরের প্রায় সব এলাকায় গড়ে উঠছে বাড়িঘর। পর্যটনপাড়ায় দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি ডিঙিয়ে পাড়ার বাড়িগুলোতে প্রবেশ করতে হয়। একতলা, দোতলা, তিনতলা ভবন নির্মাণ করা হলেও নেই কোনো নালা-নর্দমা। এর ফলে সামান্য বৃষ্টিতেই ডোবার মতো হয়ে ওঠে। এলাকার চাকরিজীবী রাশেদুজ্জামান বলেন, এ এলাকায় এখনো নালা-নর্দমা তৈরি করা হয়নি। তাহলে পানি সরবে কীভাবে? ব্যবসায়ী সাইদুজ্জামান বলেন, অপরিকল্পিতভাবে বাড়ি নির্মিত হয়নি। পৌরসভারই কোনো পরিকল্পনা নেই। এ কারণেই লোকজন নিজেদের জায়গায় বাড়ি করলেও জায়গা ছাড় দেয় না। ফলে সমস্যার সৃষ্টি হয়।কেল্লাবন্দ এলাকায় বাড়িঘর অপরিকল্পিতভাবে গড়ে তোলা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমজাদ হোসেন বলেন, বাড়িঘর নির্মাণ নিজের জায়গাই করা হয়েছে। মানসিকতার অভাবে লোকজন নিজের জায়গায় বাড়ি করলেও প্রতিবেশী ও পরিবেশের কথা মোটেই ভাবেন না। এর ফলে এলাকার অধিকাংশ মানুষকে নানা দুর্ভোগে পড়তে হয়। ব্যবসায়ী নবাব আলী বলেন, নকশা পাস করে বাড়ি করা হলেও এলাকাকে সুন্দর করে সাজাতে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। নিউ জুম্মাপাড়ার সাংস্কৃতিক সংগঠক মাকসুদার রহমান বলেন, পৌরসভার নজরদারি বাড়ানো উচিত। তা না হলে একসময় শহরটির পাড়া-মহল্লায় গাড়ি নিয়ে ঢোকাই যাবে না। এলাকার চিকিত্সক মফিজুল ইসলাম বলেন, যেভাবে অপরিকল্পিতভাবে বাড়িঘর উঠছে, এতে মানুষেরই সমস্যা বেড়ে যাচ্ছে। এমনও অনেক সড়ক রয়েছে, যেখানে জরুরি রোগী আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও যেতে পারে না। পৌরসভা সূত্র জানায়, পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে হোল্ডিং নম্বরযুক্ত ৩১ হাজার ২০০ বাড়ি রয়েছে। একটি হোল্ডিংয়ের আওতায় রয়েছে আরও অনেক বাড়ি। পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, মানুষজন তাদের জায়গায় বাড়ি করতে নকশা নিয়ে আসে। সরেজমিনে পরিদর্শন করে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়। কিন্তু যাঁরা বাড়ি নির্মাণ করেন তাঁদেরই উচিত, পরিবেশ ঠিক রাখতে কিছুটা জায়গা ছেড়ে রাখা। কিন্তু অধিকাংশ মানুষই তা করে না।