কুমিল্লা শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে উঁচু দালান। এগুলোর কোনোটি নকশা অনুমোদন না করে, আবার কোনোটি অনুমোদিত নকশার চেয়ে বেশি উঁচু করে নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে কুমিল্লার সৌন্দর্যহানি হচ্ছে। এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কুমিল্লা মৃত নগরে পরিণত হবে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে দুই ঘণ্টাব্যাপী ওই সভা হয়। এ সময় পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাদকের কেনাবেচা বেড়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পাড়ের রেস্তোরাঁগুলোতে অবাধে শালিক, চড়ুই ও বকের মাংস বিক্রি বন্ধের দাবি জানানো হয়। সভায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তার বিরুদ্ধে দফায় দফায় উড়ো চিঠির বিষয়ে তদন্ত করার দাবি জানানো হয়।