অপরিকল্পিত মাটি খোঁড়ায় পাশের বাড়িতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের জনবহুল রাজারহাতা এলাকায় একটি ভবনের ভিত্তি স্থাপনের জন্য মাটি খোঁড়ার পর পাশের বাড়ির দোতলা ভবনে ফাটল দেখা দিয়েছে। নির্মাণাধীন ওই বাড়ির মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। তাঁকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নোটিশ দিয়েছে।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইয়াসমিন রহমান জানান, তাঁরা দীর্ঘদিন ধরে নগরের রাজারহাতা এলাকায় নিজ বাসায় বসবাস করছেন। তাঁদের বাসার হোল্ডিং নম্বর ১৪২। মাস খানেক আগে তাঁদের বাসার দেয়াল ঘেঁষে পূর্ব এবং উত্তর পাশে বাড়ি করার জন্য সাংসদ ওদুদের নিয়োজিত শ্রমিকেরা কাজ শুরু করেন। ভবনের ভিত্তি স্থাপন করার জন্য মাটি খুঁড়তে স্ক্যাভেটর (খননযন্ত্র) ব্যবহার করায় তাঁদের বাড়ির পূর্ব পাশের দেয়াল হেলে গেছে। বাসার দোতলার ছাদসহ দেয়ালে ফাটল ধরেছে। ইয়াসমিন রহমান অভিযোগ করেন, এই রকম একটি জনবহুল এলাকায় লোক দিয়ে ধীরে ধীরে মাটি তোলা উচিত ছিল। কিন্তু তা না করে খননযন্ত্র ব্যবহার করায় এই ক্ষতি হয়ে গেছে। সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘পাশের বাড়ির কারও ক্ষতি হয়ে থাকলে তাঁকে ক্ষতিপূরণ দিয়ে দেব।’