অপরিকল্পিত শহর রক্ষা বাঁধ পটুয়াখালীবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় পটুয়াখালী পৌরবাসীর প্রাণের দাবি ছিল শহর রক্ষা বাঁধ। কিন্তু আজ সেই বাঁধই নতুন করে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিতভাবে নির্মাণ না করায় এবং নির্মাণকাজ শেষ না হওয়ায় জোয়ারের পানি ঢুকে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। একই সঙ্গে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পৌরসভার বাসিন্দারা সীমাহীন দুর্ভোগ পোহান।ঈদুল ফিতরের দিন জোয়ারের পানিতে শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হলে দুর্ভোগের পাশাপাশি ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হয় অধিকাংশ শহরবাসী।শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর সিকদার বলেন, ‘বারবার পাউবো অফিসকে অবহিত করা হলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। ঈদের দিনও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে তাদের পুরো এলাকা। ঈদের আনন্দমুখর দিনেও শহরবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে। নতুন নির্মাণ করা বাঁধের স্লুইসগেটগুলোর দরজা দিয়েই পানি উঠছে। নিম্নমানের এবং দায়সারাভাবে স্লুইসের দরজা লাগানোর ফলে শহরের বিভিন্ন এলাকা জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হচ্ছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবো পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে।পাউবো পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ সালে একটি প্রকল্পের আওতায় ২৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় ছয়টি স্লুইসগেট, নয়টি কালভার্ট, ১৭টি আউটলেট (পানি বাইরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা), ২৫টি ইনলেট (ভেতরে পানি ঢোকানোর ব্যবস্থা), ৯৫০ মিটার পাকা বাঁধ উঁচুকরণ এবং এক হাজার ২০০ মিটার মূল বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১১-১২ অর্থবছরে কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে।পাউবো পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, ইনলেটের গেট দিয়ে পানি উঠছে। তবে বাঁধের নির্মাণকাজ চলমান এবং ব্যয় বেড়ে গেছে। তাই তিন কোটি টাকা বর্ধিত বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে পৌরবাসীর একটু কষ্ট হচ্ছে। বাঁধের নির্মাণকাজ শেষ হলে এ কষ্ট আর থাকবে না।পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম জানান, পৌরসভার নালার সঙ্গে পাউবো তাঁদের স্লুইস, ইনলেট-আউটলেটের গেটগুলো সামঞ্জস্য করে নির্মাণ করেনি। নালা থেকে গেটগুলো ওপরে। ফলে জোয়ারের পানি শহরে ঢুকছে। আবার সেই পানি নামতে পারছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌরসভার সঙ্গে সমন্বয় করে বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যা সৃষ্টি হতো না।পৌরবাসীর দুর্ভোগের অভিযোগ পেয়ে ৩ সেপ্টেম্বর সকালে বাঁধ পরিদর্শনে আসেন পাউবোর বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. মাহাতার উদ্দিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নজরুল ইসলাম।প্রধান প্রকৌশলী মাহাতার উদ্দিন বলেন, ‘স্থানীয় কর্মকর্তারা একটু তৎ পর থাকলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। কাজে একটু ত্রুটি রয়েছে এবং এই ত্রুটিগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না।’