কৃষিশিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকায় জয়পুরহাটের কালাই পৌর এলাকায় একের পর এক গড়ে উঠছে হিমাগার, চিপস তৈরির কারখানা, চালকল, মাছ-মুরগির খাদ্য তৈরির কারখানাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া, পরিত্যক্ত বর্জ্য, দূষিত পানি, চিমনির ছাই ও উৎকট শব্দ শহরবাসীর স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের দাবি, আলাদা শিল্পাঞ্চল গড়ে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ বর্গকিলোমিটার আয়তনের কালাই পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ২০০২ সালের ১৭ অক্টোবরে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন তৎকালীন পৌর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন তালুকদার। ২০০৭ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হলে পদটি শূন্য হয়। এর পর থেকেই পৌরসভার কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত মেয়র দিয়ে। আগামী ১২ জানুয়ারি কালাইতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের কাছে ভোটারদের নানা প্রত্যাশার শীর্ষে রয়েছে আলাদা শিল্পাঞ্চল গড়ে তোলার বিষয়টি।শহরবাসীর অভিযোগ, শহরের জনবহুল ও আবাসিক এলাকা ঘেঁষে শিল্পকারখানা স্থাপন করা থেমে নেই। আবাসিক এলাকায় বেশ কয়েকটি শিল্পকারখানা স্থাপনের পর বর্তমানে শহরের কেন্দ্রস্থল বাসস্ট্যান্ড এলাকা ও পাঁচশিরা জনবহুল আবাসিক এলাকা ঘেঁষে নতুন করে দুটি অত্যাধুনিক চাতালকল এবং প্রথমবারের মতো চালের তুষ ও খুদ থেকে ভোজ্যতেল তৈরির কারখানা গড়ে উঠছে। পৌরপাড়া মহল্লার বাসিন্দা কলেজশিক্ষক শাহজাহান আলী বলেন, পৌরসভা ঘোষণার আগে আবাসিক এলাকায় একটি শিল্পকারখানাও ছিল না। কিন্তু পৌরসভা ঘোষণার পর পৌর কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে আবাসিক এলাকা ঘেঁষে একের পর এক বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে। কয়েক বছর আগে একটি পোলট্রি ফিডস ও মাছের খাদ্য তৈরির কারখানা গড়ে ওঠে। এ কারখানার বিষাক্ত ধোঁয়া, বর্জ্য ও পানি শুধু এলাকার পরিবেশই দূষিত করছে না, এর বিকট শব্দে কয়েক শ মানুষ অতিষ্ঠ। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে মহল্লাবাসীর একটাই দাবি, কারখানাটি লোকালয় থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে হবে।শহরের কলেজপাড়ার বাসিন্দা ও উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, পৌরসভা ঘেঁষে গড়ে ওঠা পোলট্রি ফিড কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় শুঁটকি মাছ। ফলে কারখানা চালু থাকার সময়ে উৎকট গন্ধে শহরের কয়েকটি মহল্লাবাসীর নাড়িভুঁড়ি বেরিয়ে যাওয়ার অবস্থা হয়। তা ছাড়া বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের প্রভাবে শহরের কয়েকটি এলাকার পরিবেশ এখন বিপর্যস্ত। লোকালয় থেকে সব ধরনের কারখানা সরিয়ে নেওয়ার দাবি এখন শহরবাসীর গণদাবিতে পরিণত হয়েছে।কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিক ও একজন ভোটার হিসেবে সব প্রার্থীর কাছে একটাই প্রত্যাশা, ভোটের আগেই শহরের নির্দিষ্ট এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণার ব্যাপারে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হোক, যাতে ভোটের পর এ দাবি তাঁরা ভুলে না যান।কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, পৌরসভায় সমস্যার পাহাড় জমেছে। শুধু পরিকল্পিত শহরায়ণ নয়, নির্বাচিত হতে পারলে কালাইকে একটি সাজানো-গোছানো মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান কাজ। অপর প্রার্থী জেলা যুবলীগের সহসভাপতি হেলাল উদ্দিন মোল্লা বলেন, নির্বাচিত হতে পারলে সবার আগে পৌরসভার পক্ষ থেকে আলাদা শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি-সমর্থিত প্রার্থী আনিছুর রহমান বলেন, ‘নির্বাচিত হতে পারলে শহরের নির্দিষ্ট এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা করে সব শিল্পকারখানা সরিয়ে নিতে উদ্যোক্তাদের বাধ্য করা এবং বসবাসের উপযোগী একটি আধুনিক শহর গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ।’