অপরিকল্পিত সংস্কার ও গাফিলতি দায়ী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরসংলগ্ন সেতুটি গত মঙ্গলবার রাতে ধসে পড়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরসংলগ্ন সেতুটি গত মঙ্গলবার রাতে ধসে পড়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

বরিশালের উজিরপুরের পালর্দী-ধামুরা খালের ওপরের সেতুটি ধসে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিন উপজেলার লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে এলাকাবাসী জরুরি ভিত্তিতে এটি নির্মাণের দাবি জানিয়েছেন।

গত মঙ্গলবার রাতে একটি ট্রলারের ধাক্কায় সেতুটি ধসে পড়ে। এতে সাতজন আহত হন। এ ঘটনায় ট্রলারটির মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন, ঠিকাদার, বন্দরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাফিলতি ও অপরিকল্পিতভাবে সংস্কারের কারণেসেতুটি ধসে পড়েছে।

এলজিইডির উজিরপুর কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডির স্বল্প ব্যয় প্রকল্পের অধীনে ১৯৮৯-৯০ অর্থবছরে সানুহার-ধামরা সড়কে ধামুরা বন্দরসংলগ্ন খালের ওপর ১২০ ফুট লম্বা লোহার সেতুটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এর ব্যয় ধরা হয় প্রায় এক কোটি টাকা। ১৯৯২ সালে এটির নির্মাণকাজ শেষ হয়। ২০০৯-২০১০ অর্থবছরে সেতুটি সংস্কারের জন্য ১০ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় করা হয়।

কয়েকজন ঠিকাদারসহ স্থানীয় ব্যক্তিরা বলেন, সেতুটি সংরক্ষণে ফাউন্ডেশন বা খুঁটির রক্ষণাবেক্ষণ দরকার ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না করে সেতুর আরসিসি ঢালাই ভেঙে নতুন করে আরসিসির স্লাব ঢালাই করে। ফলে ওজন বেড়ে গিয়ে সেতুটি দ্রুত ধসে পড়েছে। ছয় মাস ধরে সেতুটি নড়বড়ে ছিল। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে বারবার লিখিতভাবে জানানো হয়। এরপরও সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

গতকাল সরেজমিনে দেখা যায়, ১২০ ফুট লম্বা সেতুটির মাঝের অংশে তিনটি স্প্যানের প্রায় ৬০ ফুট অংশ ধসে খালের মধ্যে পড়ে গেছে। ধসে পড়া সেতুর কাছে কয়েক শ মানুষ ভিড় করেছে।

এ সময় ঠিকাদার নাসির উদ্দিন ও মো. আলাউদ্দিনসহ কয়েকজন বলেন, সেতুটির টানা, অ্যাঙ্গেল, ক্লাম, ওয়াটার বারসহ নিচের অংশের সংস্কার করা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে ওপরের ভালো স্লাব ভেঙে নতুন করে ঢালাই করা হয়। ফলে নড়বড়ে ভিত্তির ওপর বেশি ওজন পড়ে সেতুটি অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একসঙ্গে বেশি লোকজন ও ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে উঠত। বিষয়টি জানানো হলেও উপজেলা প্রকৌশলী ব্যবস্থা নেননি।

ধামুরা বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হুমাউন কবির বলেন, ধামুরা বৃহৎ ব্যবসায়ী বন্দর। এখানে প্রায় তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এ বন্দরে কেনাকাটার জন্য আসে। একসময় ১৫-২০ টন মালামাল নিয়ে সেতুর ওপর ট্রাক চলাচল করত। সেতুটির নিচের অ্যাঙ্গেল, ফ্লাটবার, ওয়াটার বার ও ক্লাম চোরেরা খুলে নিয়ে গেলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, সেতুটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

ধামুরা কলেজের অধ্যক্ষ আবুল কালাম বলেন, সেতুটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এটি দিয়ে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ জেলা ও উপজেলা সদরে যাতায়াত করে থাকে। সেতুটি দ্রুত নির্মাণ করা উচিত।

জানতে চাইলে এলজিইডির উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খালটিতে অসংখ্য ছোট লঞ্চ ও মালবাহী ট্রলার চলাচল করে। এগুলো প্রায়ই সেতুটিকে ধাক্কা দেয়। ফলে সেতুটি দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ মঙ্গলবার রাতে ট্রলারের ধাক্কায় এটি ধসে পড়ে। এ ঘটনায় ট্রলারের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।’