অপরিকল্পিত সেতু, ব্যয় ৫ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাবলাতলা এলাকায় ভৈরব নদের ওপর অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা হচ্ছে। গতকাল রোববার দুপুরে তোলা ছবি  প্রথম আলো
যশোরের বাবলাতলা এলাকায় ভৈরব নদের ওপর অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা হচ্ছে। গতকাল রোববার দুপুরে তোলা ছবি প্রথম আলো

নৌ-যোগাযোগের জন্য যেখানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপরিকল্পিত সেতু অপসারণের উদ্যোগ নিচ্ছে, সেখানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে যশোর শহরের পালবাড়ি-মনিহার সড়কের বাবলাতলা এলাকায় চার কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে আরেকটি ‘অপরিকল্পিত’ সেতু নির্মাণের কাজ চলছে। নদীর পানির স্তর থেকে ওই সেতুটির উচ্চতা মাত্র ১০ ফুট। পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, এই উচ্চতার সেতু নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ভৈরব নদ খননের জন্য একটি প্রকল্পের প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই একনেকের বৈঠকে দাখিল করা হবে বলে জানা গেছে।
ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভৈরব নদ খননের প্রতিশ্রুতি দেন। এখন সেই প্রকল্পের সঙ্গে অসংগতিপূর্ণ আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্মাণাধীন অপরিকল্পিত সেতুটি ভাঙতে হতে পারে। এতে পৌনে পাঁচ কোটি টাকারই অপচয় হবে। প্রকল্পের সঙ্গে সংগতি রেখে তাঁরা সেতুটি নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন।
পাউবোর যশোর কার্যালয় থেকে জানা গেছে, জেলা শহরের পানিনিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থার উন্নয়ন এবং নৌপরিবহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে আফরা থেকে তাহেরপুর পর্যন্ত ভৈরব নদ খননের সমীক্ষা শেষে ৪০২ কোটি টাকার ‘ভৈরব নদে টেকসই পানি ব্যবস্থাপনা ও নিষ্কাশন প্রকল্প’র প্রস্তাব দেওয়া হয়েছে।
পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ভৈরব নদের খুলনার রূপসা থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার আফরা ঘাট পর্যন্ত ৫৯ কিলোমিটার নদে জোয়ার-ভাটা স্বাভাবিক রয়েছে। সেখানে নৌযান চলাচল করছে। বাকি আফরা থেকে চৌগাছার তাহেরপুর পর্যন্ত ৯৬ কিলোমিটার খনন করলেই যশোর-খুলনার মধ্যে নৌ-যোগাযোগ চালু করা সম্ভব হবে। এ জন্য ২২টি অপরিকল্পিত সেতু ও কালভার্ট অপসারণ করতে হবে। বিষয়টি প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বড় আকারের নৌযান চলাচলে ১০ ফুট উচ্চতার সেতু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বাবলাতলা এলাকায় সওজের ওই সেতুটি নির্মিত হলে প্রস্তাবিত প্রকল্পটি বাধাগ্রস্ত হতে পারে।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা (এসএ) ও সওজের যশোর কার্যালয় থেকে জানা গেছে, বাবলাতলা এলাকায় ভৈরব নদের ওপর ১০০ ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতু নির্মাণের লক্ষ্যে নদের দুই তীর সংকুচিত করার পর পাইলিং করা হয়েছে। বর্তমানে পাইল ক্যাপ নির্মাণের কাজ চলছে। সওজ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মণীন্দ্রনাথ অধিকারী বলেন, এমএস ইসলাম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে সেতুটির নির্মাণকাজ শুরু করে। কাজ শুরুর ২৪ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।
জানতে চাইলে সওজের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, সওজের নকশা বিভাগ সরেজমিনে পরিদর্শন করে সেতুটির নকশা দিয়েছে।