অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা পৌনে ১২টার দিকে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন কাজল বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের জন্য অপরিকল্পিতভাবে জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে। শীতকালে জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে ক্যাম্পাসের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশ। এসব বন্ধ করতে এখনই প্রতিবাদ করতে হবে।
কলা ও মানবিকী অনুষদের ডিন মো. মোজাম্মেল হক বলেন, ক্যাম্পাসে প্রয়োজনের কথা বলে অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হচ্ছে। নির্বাচনের আগে ব্যক্তি-গোষ্ঠীকে সুবিধা দিয়ে ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ভূমি, নদী ও সুন্দরবন দখলকারীদের মতো আচরণ করছে। এসব অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। নইলে এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মশিউর রহমান, শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের অন্যতম মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন প্রমুখ