অপরিকল্পিতভাবে তোলায় নেমে গেছে পানিরস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর অপরিকল্পিতভাবে পানি তোলার ফলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। কোথাও কোথাও পানি নেমে গেছে সমুদ্রের পানির গড় উচ্চতা থেকে ১৭০ ফুট নিচে। দক্ষিণাঞ্চলের লবণ পানি ক্রমেই উত্তর দিকে এগোচ্ছে। ইতিমধ্যে ১৭ শতাংশ এলাকা হুমকির মুখে পড়েছে।

গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধকার কৃষি, পানি ও পরিবেশবিষয়ক প্রকৌশলী ইফতেখারুল আলম এই ভয়াবহতার চিত্র তুলে ধরেন। এ বিষয়ে তিনি সুপারিশ রাখতে গিয়ে বলেন, ‘এখন যেটা করতে হবে, তা হচ্ছে আমরা এ বছর মাটির নিচ থেকে যে পানি তুলে নিচ্ছি, পরের বছর তা মাটিকে ফিরিয়ে দিতে হবে।’ 

‘ভূ-গর্ভস্থ পানির অপরিকল্পিত উত্তোলনে কৃষি ও পরিবেশের ওপর জলবায়ু পরির্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মেশকে আলম।

আইইবির সেমিনারকক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধকার জানান, ১৪ বছর গবেষণা করে তিনি ভূগর্ভস্থ পানির বিষয়ে ভয়াবহ তথ্যাবলি সংগ্রহ করেছেন। তিনি বলেন, এ দেশে অগভীর নলকূপ বিকল হওয়া শুরু হয় পানি স্তর নেমে যাওয়ার পর থেকেই। আগে ১০ বছরে এক মিটার পানি নামত। বর্তমানে বছরে দুই থেকে তিন মিটার পানি নেমে যায়।

সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, এ দেশের পানিতে এখন প্রচুর লবণ। এর জন্য প্রধানত দায়ী ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত প্রভৃতি দেশ। তবে বর্তমানে ইকো ও জলবায়ু পদ্ধতি নিয়ে এ দেশে অনেক কাজ হচ্ছে। এই তৎপরতা অনেক দেশের কাছে ঈর্ষণীয়ও।

প্রধান অতিথির বক্তব্যে আইইবির সভাপতি শামীম-উজ-জামান বসুনিয়া স্বচ্ছ পানির স্থলে লবণ পানির আধিক্য কমিয়ে আনার বিষয়ে সবার সচেতনতার প্রয়োজন বলে উল্লেখ করেন।

সেমিনারে আইইবির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইয়ুম, প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বক্তব্য দেন।