অপরিকল্পিতভাবে পাউবোর বাঁধ সংস্কার, ধসের আশঙ্কা
অপরিকল্পিতভাবে রাজশাহীর বাগমারায় কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের সংস্কারকাজ চলছে বলে অভিযোগ উঠেছে। বাঁধ ঘেঁষে মাটি কাটায় বর্ষা এলেই সংস্কার করা বাঁধ আবার ভেঙে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ইউনিয়নের কালীকাপুর, পীরগঞ্জ ও মানসিংহপুর গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের প্রবল বর্ষণ ও ফকিন্নী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর পূর্ব পাশের পোল্ডার সি-এর অধীনে পীরগঞ্জ থেকে মানসিংহপুর পর্যন্ত চার কিলোমিটার জুড়ে বাঁধে ভাঙন শুরু হয়। পোল্ডার সি নাটোর পাউবোর অধীন।
সরেজমিনে গত ২৬ ও ২৮ মে দেখা যায়, বাঁধের নিচ থেকে দুটি খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। বাঁধের পাদদেশের (গোড়া) মাটি খসে যাওয়া আটকানোর কোনো ব্যবস্থাও রাখা হয়নি। মূল বাঁধের তিন-চার ফুট দূর থেকেই মাটি কেটে নেওয়া হচ্ছে সংস্কারকাজের জন্য। এতে বাঁধের নিচেই তৈরি হচ্ছে বিশাল খাদ।
তা ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গাফফার অভিযোগ করেন, যাচ্ছেতাইভাবে বাঁধের কাজ করায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায়ই কাজ বন্ধ করে দিচ্ছে। তিনিও কয়েকবার গিয়ে ঠিকাদারদের ভালোভাবে কাজ করতে বলে এসেছেন। কিন্তু ঠিকাদারের লোকজন তা শুনছেন না। তিনি আরও বলেন, বাঁধের নিচ থেকে মাটি কাটায় এবার বর্ষা এলেই তা ধসে পড়বে।
উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বাঁধের পাদদেশ থেকে সাত থেকে ১০ ফুট দূর থেকে মাটি কাটতে হবে। বাঁধের পাদদেশ-সংলগ্ন এলাকা থেকে মাটি কাটা হলে বর্ষা এলেই বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা থাকে। তবে কাজ এবং পাউবোর নকশায় কী বলা আছে তা না দেখে ওই সংস্কারকাজ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না বলে জানান দুই কর্মকর্তা।
একদিকে বাঁধের গা ঘেঁষে মাটি কাটায় সংস্কারকাজের স্থায়িত্ব নিয়ে যেমন শঙ্কা তৈরি হয়েছে তেমনি জমি অধিগ্রহণ ছাড়াই ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বাঁধের গোড়ায় যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে তা ব্যক্তিমালিকানাধীন। আবদুস সামাদ, সাঈদসহ স্থানীয় অন্তত ১২ জন বাসিন্দা দাবি করেন, অধিগ্রহণ ছাড়াই তাঁদের জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। এতে তাঁদের ফসলি জমির ক্ষতি হচ্ছে। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেন।
জমি অধিগ্রহণ না করার অভিযোগ স্বীকার করে পাউবোর নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, কিছু কৃষককে বাঁধের জন্য মাটির প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে তাঁদের জমি থেকে মাটি তোলা হচ্ছে। তবে কিছু কৃষক আবার বাধাও দিচ্ছেন। কিন্তু অধিগ্রহণ না করার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। তবে বাঁধ সংস্কারে কোনো অনিয়ম হচ্ছে না আর নকশা অনুযায়ী কাজ হচ্ছে বলে তিনি দাবি করেন।
পাউবো সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে চলতি অর্থবছর ৯২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ১৩ মে থেকে কাজটি শুরু করেন ঠিকাদার।
এ বিষয়ে ঠিকাদার প্রিন্সের মুঠোফোনে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে কাজের তদারকের দায়িত্বে থাকা ঠিকাদারের ম্যানেজার মোবারক হোসেন দাবি করেন, ‘ঠিকভাবেই কাজ হচ্ছে। বাঁধের নিচ থেকে মাটি তোলার অভিযোগ ঠিক না।’