অপরিচিত কাউকে দেখলেই আতঙ্কে কেঁপে উঠছে সে
অপরিচিত কাউকে দেখলেই চমকে ওঠে মেয়েটি (১৪)। কেঁপে ওঠে আতঙ্কে। নির্যাতনের নারকীয় স্মৃতি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না সে। এমনকি আপনজন পরিবেষ্টিত অবস্থায়ও মেয়েটি ভয় পাচ্ছে। শনিবার রাতে খুলনা নগরের গল্লামারী এলাকার পুরোনো দরগা সড়কে চিকিৎসক সোবহানের বাড়ির ছাদে নির্যাতনের শিকার হয় মেয়েটি। অপহরণের পর বখাটেরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ওই কিশোরী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। এতে চিকিৎসক সোবহানের ছেলে পিয়াস ও তার দুই সহযোগী রসুল ও জহুরুলকে আসামি করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে অভিযোগ করা হয়, শনিবার রাতে ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে মুখে গামছা বেঁধে পিয়াসের নেতৃত্বে বখাটেরা ধরে নিয়ে যায়। তাঁকে পিয়াসদের বাড়ির দোতলার ছাদের ওপর নিয়ে রাতভর পাশবিক নির্যাতন চালানোর পর ভোরের দিকে হত্যার চেষ্টা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামানো হয় বলে ধারণা করা হচ্ছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্যাতনের স্থান পিয়াসদের দোতলার ছাদ থেকে নিচতলার সিঁড়ি পর্যন্ত রক্তের দাগ কেউ পানি দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করেছে। মেয়েটির রক্তমাখা পায়জামা, জামা ও ওড়না আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ।