অপরিচ্ছন্ন বিমানবন্দর দেখে বিমানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মো. ফারুক খান।গতকাল শুক্রবার বিমানবন্দর ঘুরে দেখতে গিয়ে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অব্যবস্থাপনা দেখে ফারুক খান উপস্থিত কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রুত বিমানবন্দরের ময়লা-আবর্জনা পরিষ্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেন।বিমানবন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ফারুক খান বাংলাদেশের পর্যটন খাতের ওপর রোড শো কর্মসূচিতে যোগ দিতে কলকাতা যাচ্ছিলেন। গতকাল সকাল নয়টা ১০ মিনিটে তাঁর ফ্লাইট উড্ডয়নের কথা ছিল। তিনি বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, কলকাতার আকাশে কুয়াশা থাকায় ফ্লাইট প্রায় এক ঘণ্টা বিলম্ব হচ্ছে। এই ফাঁকে তিনি বিমানবন্দর ঘুরে দেখেন।প্রথমেই মন্ত্রী ভিআইপি লাউঞ্জের সামনে গিয়ে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা দেখতে পান। এ সময় উপস্থিত বিমানবন্দরের কর্মীদের কাছে মন্ত্রী জানতে চান, দেশের প্রধান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে এ দশা কেন?এরপর মন্ত্রী আগমনী টার্মিনালে গিয়ে দেখেন বেশ কিছু লাগেজের স্তূপ। জানতে চাইলে উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীকে বলেন, বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ তারা নিতে না আসায় পড়ে আছে।সবশেষে মন্ত্রী কার পার্কিং এলাকায় গিয়ে ময়লা-আবর্জনা দেখতে পান। এরই মধ্যে খবর পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানের দায়িত্বশীল কর্মকর্তারা সেখানে হাজির হন।বিমানের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রী এ সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটের সময়সূচি ঠিক রাখার বিষয়ে সচেষ্ট থাকতে নির্দেশ দেন। এ ছাড়া তিনি যাত্রী হয়রানি বন্ধ এবং যাত্রী এসে পৌঁছালেও মালপত্র না আসা নিয়ে দুর্ভোগ বন্ধ করার নির্দেশ দেন।