অপরিণত নবজাতকের জীবন বাঁচাতে 'ক্যাঙারু মাতৃসেবা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিশুর ওজন দুই কেজির কম, তাদের চিকিৎসা ও সেবার জন্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ক্যাঙারু মাতৃসেবা নামের আধুনিক চিকিৎসাপদ্ধতি। গত নভেম্বরে এ পদ্ধতি চালু করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে জানা যায়, যেসব শিশু ৩৭ সপ্তাহের কম সময়ে জন্ম নেয়, বেশির ভাগ সময়ই তাদের ওজন দুই কেজির কম হয়। এই অবস্থায় শরীরের তাপমাত্রা কম থাকায় নবজাতককে বাঁচানো যায় না। এর চিকিৎসা হিসেবে ক্যাঙারু যেভাবে পেটের থলিতে বাচ্চাকে রাখে, সেভাবে নবজাতককে মায়ের পেটের সঙ্গে বেঁধে রাখা হয়। এতে মায়ের শরীরের তাপমাত্রা নবজাতকের শরীরে প্রবাহিত হয়। ফলে নবজাতক অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ক্যাঙারু মাতৃসেবা পদ্ধতি কোনো ক্ষেত্রে ইনকিউবেটরের চেয়েও ভালো কাজ করে। মায়ের বুকের উষ্ণতা পাওয়া অপরিণত শিশুদের হৃদ্যন্ত্র, শ্বাসপ্রশ্বাসের গতি, অক্সিজেন গ্রহণের হার, ঘুমের পরিমাণ ও ধরন কৃত্রিমভাবে উষ্ণতা পাওয়া শিশুদের মতো বা তার চেয়েও ভালো।
ডব্লিউএইচওর বাংলাদেশ কার্যালয়ের ন্যাশনাল প্রফেশনাল কর্মকর্তা মোস্তফা জামান বলেন, উন্নয়নশীল দেশে যেখানে ইনকিউবেটরের সহজপ্রাপ্যতা নেই, সেসব দেশে ক্যাঙারু মাতৃসেবা খুবই উপযোগী ও বিজ্ঞানসম্মত পদ্ধতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব শাখায় ক্যাঙারু মাতৃসেবা চিকিৎসাপদ্ধতি চালু হয়। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় গত বছর আইসিডিডিআরবি কর্তৃপক্ষ এ পদ্ধতি বন্ধ করে দেয়। এরপর গত ১১ নভেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাব্যবস্থা চালু করে। গত আট মাসে ৩০টি অপরিণত নবজাতককে এ পদ্ধতিতে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসা কর্মকর্তা এসব অপরিণত শিশুর চিকিৎসা দেন। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান, চিকিৎসা কর্মকর্তা বিউটি রানী সরকার ও রাজন কুমার দাস।
এ কে এম মাহাবুবুর রহমান বলেন, এ পদ্ধতিতে নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে এবং মৃত্যুর ঝুঁকি কমে। এতে মায়ের বুকের দুধপান নিশ্চিত হয় এবং সন্তানের সঙ্গে মায়ের মানসিক বন্ধনও দৃঢ় হয়।
বিউটি রানী সরকার বলেন, প্রচারণার অভাবে অনেক মা এ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানেন না। এ কারণে অপরিণত অনেক শিশু বিনা চিকিৎসায় মারা যায়। মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামের নবজাতক সাইদুল ইসলাম সাজিদের (২৮ দিন) মা সীমা আক্তার বলেন, তাঁর অপুষ্ট শিশু এ পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। জন্মের সময় তাঁর ছেলের ওজন এত কম ছিল যে বাঁচারই কথা ছিল না। এই পদ্ধতির চিকিৎসা আরামদায়ক ও সহজতর। এতে খরচও নেই। চাঁদপুরের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, অপরিণত নবজাতকের জন্য এটি একটি অত্যাধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসাপদ্ধতি। এ পদ্ধতিতে যেকোনো হাসপাতালে, এমনকি বাড়িতেও চিকিৎসা সম্ভব।