অপরিণত বয়সে জন্মের কারণে ৩৭ শতাংশ শিশু মারা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের একটি বড় অংশ অপরিণত বয়সে অর্থাৎ স্বাভাবিক সময়ের আগেই ভূমিষ্ঠ হচ্ছে। তাই জন্মের পরপরই ওই সব শিশুর নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। অপরিণত বয়সে জন্মগ্রহণের কারণেই দেশের প্রায় ৩৭ শতাংশ নবজাতক মারা যাচ্ছে।গতকাল শনিবার ‘সিএমই প্রোগ্রাম অন ম্যানেজমেন্ট অব প্রিম্যাচিউরিটি’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ পেরিন্যাটাল সোসাইটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন বিভাগ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, গর্ভবতী মায়েদের বিশেষভাবে সচেতন করা না গেলে অপরিণত বয়সে সন্তান প্রসব ঠেকানো সম্ভব হবে না।বিএসএমএমইউর সহ-উপাচার্য মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অপরিণত শিশু যেন প্রসব না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্তু যদি প্রসব হয়েই যায়, তাহলে তাদের ভালোভাবে তদারক করতে হবে। নইলে তাদের মধ্যে নানা রকম জটিলতা দেখা দিতে পারে।সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে অবসট্রিটিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব নাসিমা বেগম বলেন, মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হওয়া শিশুকে অপরিণত নবজাতক বলা হয়। বিশ্বব্যাপী অপরিণত বয়সে জন্মগ্রহণের হার পাঁচ থেকে ১০ শতাংশ। তবে দেশে এই হার ২৫ থেকে ৩০ শতাংশ। অল্প বয়সে মেয়েদের বিয়ে, গর্ভবতী মায়েদের দারিদ্র্য ও অপুষ্টি, কায়িক পরিশ্রম, প্রসব-পূর্ববর্তী সেবা না পাওয়া, মানসিক চাপ ও গর্ভবতীকে মারধর করার কারণে অপরিণত বয়সে সন্তান জন্ম নেয়।অন্য এক প্রবন্ধে বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের অধ্যাপক এম এ কে আজাদ বলেন, এই নবজাতকেরা নিউমোনিয়া, রক্তশূন্যতা, শ্বাসকষ্টের রোগ, সংক্রামক রোগ, ওজন কম হওয়া, চোখের সমস্যা ও জন্মগত হূদরোগে ভোগে। এ ছাড়া এসব শিশুর মধ্যে মানসিক প্রতিবন্ধিতা, বধিরতা ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের গঠনও অপরিপক্ব থাকে। দুই বিশেষজ্ঞই বলেন, অপরিণত নবজাতকের মৃত্যুহার ঠেকাতে অপরিণত বয়সে নবজাতকের জন্ম রোধ, গর্ভবতী মায়েদের পরীক্ষা ও গর্ভকালীন জটিলতাগুলোর চিকিৎসা দেওয়া, জন্মের পর তার সঠিক পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ পেরিন্যাটাল সোসাইটির মহাসচিব লায়লা আরজুমান্দ বানু, অধ্যাপক কিশোয়ার আজাদ প্রমুখ বক্তব্য দেন।