অপরিণত শিশু বাঁচাতে সবার প্রশিক্ষণ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের আগে জন্ম নেওয়া শিশুকে বাঁচাতে সহজ কিছু পদ্ধতি ভালো ফল দিয়েছে। শিশু জন্মের সময় চিকিৎসক, নার্স বা ধাত্রী যিনিই মায়ের কাছে থাকবেন, তাঁকেই মা ও শিশু দুজনকে বাঁচাতে এ পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আজ সোমবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এ সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এই মন্তব্য করেন।

৩৭ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের অপরিণত শিশু বলা হয়। বাংলাদেশ শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্য দেখালেও অপরিণত শিশুর মৃত্যুহার এখনো আশঙ্কাজনক। পৃথিবীতে গড়ে প্রতি ১০০টি শিশুতে ১০ জন সময়ের আগে জন্মায়। বাংলাদেশে এই গড় শতকরা ১৪। বাংলাদেশে যত নবজাতক মারা যায়, তার শতকরা ৪৫ জনই সময়ের আগে জন্ম নেওয়ায় নানা জটিলতার শিকার হয়ে থাকে। সময়ের আগে জন্মানো শিশুকে বাঁচাতে অল্প ব্যয়ে কার্যকর সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার ও বেসরকারি সংস্থাগুলো।

বৈঠকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ টি এ চৌধুরী বলেন, ‘সময়ের আগে শিশুর জন্ম নেওয়া বন্ধ করা যাবে না। দেশে এখনো বেশির ভাগ শিশু বাড়িতে জন্মায়। যারা মায়ের সেবা দেবে, তাদের নবজাতকের সেবা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। ধাত্রীদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।’

টি এ চৌধুরী আরও বলেন, ২২ থেকে ২৪ সপ্তাহ সময়ের মধ্যে যেসব শিশু জন্ম নিচ্ছে তাদের জন্য অতিরিক্ত সেবার প্রয়োজন আছে কি না, সেটি একটি ‘এথিকাল ইস্যু’। বেশির ভাগ ক্ষেত্রে এই শিশুরা সুস্থভাবে বাড়তে পারে না।

জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, অল্প বয়স, রুবেলা, প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, পারিবারিক নির্যাতন, উচ্চ রক্তচাপসহ দীর্ঘস্থায়ী জটিল রোগের কারণে সময়ের আগেই সন্তান জন্ম নিতে পারে। অপরিণত শিশুর সুস্থতায় ক্যাঙারু মাদার কেয়ার (শিশুকে মায়ের বুকে রেখে উষ্ণতা দেওয়া) একটি পরীক্ষিত পদ্ধতি। সেই সঙ্গে নবজাতককে কেবল মায়ের বুকের দুধ দিতে হবে এবং সংক্রমণ যেন না হয়, সে বিষয়ে মনোযোগী হতে হবে। গরমকালে শিশু পানির পিপাসায় কষ্ট পাচ্ছে, এমন ধারণা থেকে পানি খাওয়ানো হয়। ছয় মাস পর্যন্ত পানি খাওয়ানোর দরকার নেই। পানি থেকেও শিশুর মধ্যে সংক্রমণ দেখা দিতে পারে।

চিকিৎসকেরা বলেন, শুধু হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে মায়েদের গেলেই চলবে না, কেন্দ্রগুলো যেন মানসম্মত হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক এম এ মান্নান বলেন, বিএসএমএমইউতে গত বছর যত শিশু জন্ম নিয়েছে তার ৬০ শতাংশেরই জন্ম হয়েছে সময়ের আগে। এই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, সহজেই সংক্রমণের শিকার হয় এবং মারা যায়। যাঁরা শিশুদের সেবা দেবেন, তাঁরা যদি শুধু ঠিকভাবে হাত ধুয়ে নেন, তাহলে ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে সংক্রমণ এড়ানো সম্ভব।

দি অবসটেট্রিকাল অ্যান্ড গাইনোকোলোজিকাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) প্রেসিডেন্ট রওশন আরা অল্প বয়সে মেয়েদের বিয়ে বন্ধের আহ্বান জানান। পাশাপাশি নতুন বিয়ে হয়েছে যাঁদের, তাঁদের কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বৈঠকের শুরুতে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সৈয়দ রুবায়েত বলেন, উন্নতও উন্নয়নশীল সব দেশেই অপরিণত শিশু জন্মায়। তালিকায় পাঁচ নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র সময়ের আগে জন্ম নেওয়া ৯০ ভাগ শিশুকে বাঁচাতে পারছে, সাত নম্বরে থাকা বাংলাদেশ পারছে না।

বৈঠকে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) বাংলাদেশ নিওনেটাল ফোরাম, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, ঢাকা শিশু হাসপাতাল, ইউএসএআইডি ও সেভ দ্য চিল​ড্রেনের প্রতিনিধিরা।