অপরিপক্ব কলার কাঁদি কেটে সাবাড়!
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামের এক কৃষকের ৩০০ কলাগাছের অপরিপক্ব কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে।সরেজমিনে জানা যায়, উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামের কৃষক কাজী হায়দার আলী (৫৫) ৪০ শতাংশ জমিতে কলা চাষ করেছেন। এক মাসের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। সোমবার রাতে একদল দুর্বৃত্ত বাগানের প্রায় ৩০০ কলাগাছের কাঁদি কেটে ফেলে। মাটিতে ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কলার কাঁদিগুলো।সন্ত্রাসীরা কাঁদি কাটার সময় বাগানের পাশের একটি জমিতে হায়দার আলীর ছেলে রশিদুল ইসলাম মাছ ধরছিলেন। তিনি টর্চ জ্বালানোর সময় গাছ কাটা দুর্বৃত্তরা পালিয়ে যায়। রশিদুল জানান, দুর্বৃত্তরা ১০ থেকে ১২ জন ছিল। তাদের সবার হাতে ছিল দা ও ছুরি। চিৎকার দেওয়ার পর তারা পালিয়ে যায়। বাগানের মালিক কাজী হায়দার আলী বলেন, আর অল্প কয়েক দিন পরে এই কলা বিক্রি করা যেত। আয় হতো আনুমানিক ৬০-৭০ হাজার টাকা। কারও সঙ্গে তার কোনো শক্রতাও ছিল না বলে দাবি করেন তিনি।ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল বর্মণ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মানুষ কত নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে।’ পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।