অপরিশোধিত বর্জ্যে নদে কমছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্পকারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই তুরাগ নদ ও পাঁচটি বিলে ফেলা হচ্ছে। এতে তুরাগ নদ ও মকশ বিল, কমলাই বিল, আলুয়া বিল, উজান বিল, কালিয়াদহ বিলের পানি দূষিত হচ্ছে। এ কারণে ওই নদ ও বিলগুলোয় মাছ কমে যাচ্ছে। মাছ না পেয়ে উপজেলার শতাধিক জেলে পরিবার নিয়ে বর্তমানে কষ্টে দিন কাটাচ্ছেন।উপজেলা মত্স্য কার্যালয় সূত্রে জানা গেছে, তিন-চার বছর আগেও তুরাগ নদ ও ওই বিলগুলোয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ডাইং ও ওয়াশিং কারখানাগুলোর দূষিত বর্জ্য পরিশোধন না করেই নদ ও বিভিন্ন বিলে ফেলা হচ্ছে। জানা গেছে, উপজেলার বড়ইবাড়ি, মেদি আশুলায়, সিনাবাহ, বাঁশতলী, চাপাইর, বলিয়াদিসহ এলাকার শতাধিক জেলে তুরাগ নদ, মকশ বিল, আলোয়াবিল, মকরাবহ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে তাঁরা আগের মতো মাছ পাচ্ছেন না। বড়ইবাড়ি এলাকার জেলে মাধব চন্দ্র সরকার জানান, তুরাগ নদের আশপাশে প্রায় শতাধিক পরিবার রয়েছে, যারা আগে তুরাগ নদে মাছ ধরে উপার্জন করত। গত দুই-তিন বছর ধরে তুরাগ নদে মাছ কমে গেছে। এখন মাছ যা পাওয়া যায়, তাও দুর্গন্ধে খাওয়া যায় না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি প্লান্ট) নেই ও ইটিপি প্লান্ট থাকার পরও যেসব কারখানা তা ব্যবহার করছে না, এমন ৪৮টি শিল্পকারখানা চিহ্নিত করে উপজেলা প্রশাসন কারখানাগুলোকে নোটিশ দিলেও তার কোনো সুফল পাওয়া যায়নি। তুরাগ নদ বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, প্রশাসনের কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হলেও এ ব্যাপারে তাঁরা কোনো পদক্ষেপ নেননি।উপজেলা মত্স্য কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক জানান, উপজেলার নদ ও বিলগুলোয় আগের তুলনায় এখন মাছ অনেক কমে গেছে। উপজেলায় বহু জেলে পরিবার রয়েছে, যারা নদ ও বিলের মাছের ওপর নির্ভরশীল। এলাকার যেসব শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য পরিশোধন ছাড়াই নদ ও বিলে ফেলা হচ্ছে সেসব কারখানার তালিকা করে সংশ্লিষ্ট অফিসগুলোয় দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।৭উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর শিল্পকারখানার বর্জ্যের কারণে নদ ও বিলে মাছ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, যেসব কারখানার বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে সেগুলোর তালিকা করে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।