অপরিষ্কার অস্ত্রোপচারকক্ষ, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক

অস্ত্রোপচারের বিছানাটিতে পুরোনো রক্তের ছোপ, বালিশেও রক্তের দাগ, ধুলাবালির স্তর। রোগনির্ণয় পরীক্ষায় ব্যবহৃত রাসায়নিকের ট্রেতে মৃত তেলাপোকাসহ পোকামাকড়। রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার নামের একটি হাসপাতালে গতকাল রোববার এমন অবস্থাই দেখেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগে হাসপাতালটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা ট্রমা সেন্টার ছাড়াও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক (রি-এজেন্ট) ব্যবহারের অভিযোগে কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ লাখ, ইসলাম ডায়াগনস্টিক ল্যাবরেটরিকে ৬ লাখ টাকা ও নিবন্ধনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে পপুলার মেডিসিন কর্নারকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এগুলোর কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করায় নাজিমুদ্দিন ভূঁইয়া নামে ইসলাম ডায়াগনস্টিকের এক কর্মকর্তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা ট্রমা সেন্টার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষটি খুবই নোংরা। রোগনির্ণয় পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক। রাসায়নিক পরীক্ষার কক্ষটিও (মাইক্রোবায়োলজি ল্যাব) খুব নোংরা, রি-এজেন্ট রাখা ফ্রিজের ট্রের মধ্যে তেলাপোকাসহ মৃত পোকামাকড় পড়ে রয়েছে। রাসায়নিক পরীক্ষার ল্যাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো টেকনিশিয়ানও নেই। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ফার্মাসিস্ট পাপ্পু ইসলাম এবং রিসিপশনিস্ট আফরোজা আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আটক ব্যক্তিদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলেন, কলেজ গেটের কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এখানকার ডায়াগনস্টিক ল্যাবের ভেতরটাও অত্যন্ত নোংরা। এসব অভিযোগে হাসপাতালটির ব্যবস্থাপক মোশাররফ হোসেন, ল্যাব ইনচার্জ বাবুল সাহা এবং গোলাম মোস্তফাকে আটক করে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক ল্যাবরেটরিতেও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পেয়েছেন কর্মকর্তারা। এখানকার রোগনির্ণয় প্রতিবেদনগুলো দেওয়া হচ্ছে কোনো চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. শাহজাহান, খন্দকার নুরুল ইসলাম ও ল্যাব ইনচার্জ শামসুন্নাহারকে আটক করে ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর শ্যামলীর পপুলার মেডিসিন কর্নারে অবৈধভাবে আমদানি করা প্রচুর দামি বিদেশি ওষুধের মজুত পাওয়া গেছে। এ অভিযোগে ফার্মেসির ইনচার্জ শওকত তালুকদারকে আটক করে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাব-২ এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার রাজিবুল হাবিব সঙ্গে ছিলেন।