
সকালে বেরিয়ে সন্ধ্যায় ফিরে আসা যায়—রাজধানীর আশপাশে এমন চমৎকার দর্শনীয় জায়গা অনেক। সেই তালিকায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদারবাড়িকে রাখতে হবে সামনের সারিতে।
রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দূরে বালিয়াটি গ্রামে গেলে চোখের সামনে ফুটে উঠবে উনিশ শতকের অপূর্ব এক প্রাসাদবাড়ি। জমিদার গোবিন্দ রাম সাহা বানিয়েছিলেন এই প্রাসাদ। প্রায় ছয় একর জমির ওপর বিস্তৃত এই নিদর্শনটিতে দক্ষিণমুখী সাতটি স্থাপনা। এসব স্থাপনায় বিভিন্ন আকৃতির কক্ষ রয়েছে দুই শতাধিক। বিশাল এই প্রাসাদের চারপাশ সুউচ্চ দেয়াল। প্রাসাদের চারটি প্রবেশপথ। প্রতিটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান।
তোরণ পার হয়ে বাড়ির ভেতরে ঢুকতেই মন কেড়ে নেবে কারুকার্যময় চারটি প্রাসাদ—কিছুটা গথিক স্থাপত্যশৈলীর ভবনগুলো মনে করিয়ে দেবে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের চালচিত্র। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এসব প্রাসাদের একটি (দুই নম্বর প্রাসাদ) ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসেবে। এই জাদুঘরের নিচতলায় রয়েছে ১৫টি লোহার সিন্দুক। আঠারো শতকে নির্মিত এসব সিন্দুক মূল্যবান দ্রব্য রাখার কাজে ব্যবহার করতেন জমিদারেরা।
কাঠের সিঁড়ি বেয়ে জাদুঘরের দ্বিতীয় তলায় উঠলেই কারুকার্যমণ্ডিত রংমহল। বিশাল হলরুমসহ ওই রংমহলের সঙ্গে রয়েছে আরও পাঁচটি কক্ষ। রংমহল এবং ওই সব কক্ষে শোভা পাচ্ছে জমিদারদের ব্যবহৃত গ্রামোফোন বাক্স, ক্যাশ বাক্স, নামফলক, হারিকেন, হ্যাজাক বাতি, বদনা, ঝুলন্ত প্রদীপ, পূজার আসন, কাচের চিমনি, পাথরের ছাইদানি, দেয়াল আয়না, কাঠের সিন্দুক, শ্বেতপাথরের গাভি ও টেবিল, ঝাড়বাতি, শিবলিঙ্গ, কাঠের আলমারি, ফুলদানি, চেয়ার, ইংলিশ আলনা, রাইফেল স্ট্যান্ড, কাঠের পাদস্তম্ভ ও পালঙ্ক। প্রাসাদের পেছনেই রয়েছে অন্দরমহল, যেখানে জমিদারেরা বসবাস করতেন। এই অন্দরমহলে রয়েছে স্নানাগার, রন্ধনশালা ও প্রক্ষালনকক্ষ। অন্দরমহলের পেছনে রয়েছে ছয় ঘাটবিশিষ্ট পুকুর। এসব মহলের বাইরে-ভেতরে ছোট-বড় মিলিয়ে নয়টি কূপ। জমিদারেরা সুপেয় পানির জন্য এসব কূপ ব্যবহার করতেন।
রোববার পূর্ণ দিবস আর সোমবার অর্ধেক দিন বাদে সপ্তাহের অন্য দিনগুলো খোলা থাকে প্রাসাদটি। আসতে হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
গাড়ি রাখার ব্যবস্থা, বসার বাহারি জায়গা আছে। আছে নিরাপত্তাপ্রহরী। হাতের কাছেই মিলবে চা, কফি, আইসক্রিম ও মিষ্টি।
রাস্তায় যানজট না থাকলে রাজধানী থেকে জমিদারবাড়ি পৌঁছাতে ঘণ্টা দুয়েক লাগে। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর থেকে ডানে ঢুকে সোজা গেলে সাটুরিয়া উপজেলা সদর। উপজেলা পরিষদের পাশেই বালিয়াটি প্রাসাদ। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি বালিয়াটি জমিদারবাড়ি হিসেবে পরিচিত।