অপরূপ সাজেক টানছে পর্যটকদের
খাড়া পাহাড়ি রাস্তা ধরে উঠতে উঠতে হঠাৎই ঢালের শুরু। জিপ কিংবা মোটরবাইকে চড়ে সাজেকে পৌঁছাতে পথে পড়বে বুকে হিম ধরানো উঁচু-নিচু সড়ক। ক্ষণে ক্ষণে মনে হতে পারে রোলার কোস্টারে চড়েছেন। তবু চার পাশের সবুজ পাহাড় ডিঙিয়ে রুইলুই উপত্যকায় (ভ্যালি) পৌঁছে মনে হবে স্বর্গে আসার জন্য এটুকু ঝক্কি তো পোহানো যেতেই পারে।
সমতল থেকে কয়েক হাজার ফুট ওপরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালি। এখানে দাঁড়ালে নিচে ভাসমান মেঘ দেখা যাবে। কখনো মেঘ এসে ভিজিয়ে দেবে শরীর। বন্য সৌন্দর্যের টানে বহু পর্যটক এখন সাজেক আসছেন। তাঁদের সুবিধার কথা বিবেচনা করে গত বছরের নভেম্বর মাসে সেনাবাহিনী সেখানে পর্যটনের নানা অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে। সুদৃশ্য সড়ক, কটেজ, বিশ্রামাগার, সড়কবাতি, ক্লাবঘর তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। এবার ঈদের ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে কয়েক শ পর্যটক ভিড় জমিয়েছেন রুইলুই ভ্যালিতে। তবে এখনো রাত যাপনের ব্যবস্থা না থাকায় অনেকেই দিনে এসে আবার ফিরে গেছেন।
সেনাবাহিনীর উদ্যোগে নির্মাণকাজ শুরু হওয়ার পর পাল্টে গেছে রুইলুই ভ্যালির চেহারা। এখানে দিগন্তবিস্তৃত পাহাড়সারি ও সূর্যোদয় এবং সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করার জন্য ব্যবস্থাও করা হয়েছে।
খাগড়াছড়ি থেকে দীঘিনালা, মাচালং হয়ে সড়ক পথে তিন থেকে চার ঘণ্টার মধ্যে পৌঁছানো যায় সাজেকের রুইলুই ভ্যালিতে। অপর দিকে রাঙামাটি থেকে প্রথমে নৌযানে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে ছয়-সাত ঘণ্টায় বাঘাইছড়ি, সেখান থেকে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পৌঁছানো যায় রুইলুইয়ে। উপত্যকার প্রথম পাড়া রুইলুইয়ে খানিক জিরিয়ে নিয়ে ঘুরে আসা যেতে পারে লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত কংলাকপাড়া পর্যন্ত। হেঁটে যেতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা। পথে পড়বে বিজিবি ও সেনাবাহিনির ক্যাম্প, হ্যালিপ্যাড, ঘন বনে আচ্ছাদিত নির্জন পাহাড়, কমলালেবু ও হলুদের বাগান। উপত্যাকাজুড়ে কংলাকের পর আরও বহু আদিবাসীপাড়া আছে। শেষ সীমায় অবস্থিত ব্যাটেলিংপাড়া পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে দেড় থেকে দুদিন। তবে দুর্গম হওয়ায় এখনো পর্যটকেরা সে পথে খুব একটা পা মাড়ান না।
রুইলুই মৌজার হেডম্যান লাল থাংয়া লুসাই বলেন, সাজেকের সৌন্দর্যের টানে দেশের নানা স্থান থেকে প্রতিদিনই পর্যকেরা আসছেন। রুইলুই ভ্যালিতে এবার ঈদে ৫০০-৬০০ পর্যটক এসেছেন। অবকাঠামো নির্মাণ শেষ হলে পর্যটকদের পদচারণ আরও বাড়বে বলে তিনি জানান।
গত ৩০ জুলাই ঈদের পরদিন দুপুরে রুইলুই ভ্যালি গিয়ে পর্যটকদের ভিড় দেখা যায়। রুইলুইপাড়া থেকে কংলাকপাড়া পর্যন্ত দলবেঁধে ঘুরছিলেন অনেকে। কথা হয় ঢাকা থেকে আসা মো. সাজিদের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ৩০ জন বন্ধু মিলে সাজেকের রুইলই ভ্যালি দেখতে এসেছি। এত সুন্দর জায়গা বাংলাদেশের আর কোথাও দেখিনি। ভবিষ্যতে সময়-সুযোগ মিললেই ছুটে আসব এখানে।’ বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. রশিদুল ইসলাম বলেন, ‘সাজেকের রুইলুই ভ্যালিতে এখন িবপুলসংখ্যক পর্যটক আসছেন। একটি ক্লাবঘর ও চারটি মডেল বাড়ি নির্মাণ করা হয়েছে। সেখানে অনেক পর্যটক রাত কাটিয়েছেন।’