১৮ হাত লম্বা ও ৫ হাত চওড়া বারান্দা। এর মেঝেতে সাতটি বিছানা। ছয়টিতে ছয়জন রোগী। প্রত্যেক রোগীর সঙ্গে একাধিক দর্শনার্থী। চিৎকার-চেঁচামেচিতে কান পাতা দায়। দুর্গন্ধময় ঘিঞ্জি পরিবেশ।
এ চিত্র যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ‘মহিলা মেডিসিন ও গাইনি’ ওয়ার্ডের।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যাসংখ্যার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি করতে হয়। এ জন্য তাদের মেঝেতে রাখতে হয়। এতে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে শয্যাসংখ্যা ২৭৮। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ২৫০ ও করোনারি কেয়ার ইউনিটে ২৮। নারী, পুরুষ ও শিশু মিলে ওয়ার্ড রয়েছে ১৪টি। চিকিৎসকের ৫৫টি পদের বিপরীতে রয়েছেন ৫০ জন। নার্স রয়েছেন ১৬৪ জন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, মহিলা মেডিসিন ও গাইনি ওয়ার্ডের ১৪টি শয্যার বিপরীতে ১৩ জন রোগী ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ডের ভেতরে ও দুই পাশের বারান্দার মেঝেতে সারি সারি বিছানা পেতেছে আরও অর্ধশতাধিক রোগী। তাদের বিছানায় বসে আছে একাধিক দর্শনার্থী। কোনো স্থানে পা ফেলার জায়গা পর্যন্ত নেই।
ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এক জ্যেষ্ঠ নার্স বলেন, ১৪ শয্যার ওয়ার্ডে ৬৪ জন রোগীর সেবা দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন নার্স বলেন, ‘রোগীর পাশে ভিড় করতে নিষেধ করলে দর্শনার্থীরা তেড়ে আসে। এ জন্য আমরা চুপ করে থাকি। কোলাহল আর ঘিঞ্জি পরিবেশে নিরাপদ সেবা দেওয়া খুব কষ্টকর হয়ে ওঠে।’
প্রসূতি ওয়ার্ডে ১৫ শয্যার বিপরীতে ৩২ জন রোগী ভর্তি করা হয়েছে। এই ওয়ার্ডের বারান্দার মেঝেতে রয়েছে চারজন রোগী। যশোর সদর উপজেলার রাবেয়া খাতুন দুই দিন আগে ভর্তি হয়েছেন। তাঁর বিছানার ওপর বসে আছে সাতজন দর্শনার্থী। তাঁর মা সালেহা বেগম বিছানার ওপরে বসেই ভাত খাচ্ছেন। একসঙ্গে এতজন দর্শনার্থী সম্পর্কে তিনি বলেন, ‘আপন লোকজন কাছে থাকলে রোগী ভালো থাকে। টেনশন কম হয়। তাই আমরা সবাই এসেছি।’ পাশের বিছানায় রয়েছেন কেশবপুর উপজেলার ফিরোজা বেগম। তাঁর বিছানায় বসে আছেন স্বামী আলমগীর হোসেনসহ চারজন। আলমগীর পান চিবাতে চিবাতে বলেন, ‘আমি এই মাত্র আসলাম। একটু পর চলে যাবানে।’
প্রসূতি ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স সেলিনা আকতার বলেন, ‘আজকে রোগীর চাপ একটু কম। অন্য সময় দিনে ৭০-৮০ জন করে ভর্তি থাকে। তার ওপর থাকে রোগীর লোকজন। দর্শনার্থী নিয়ন্ত্রণ করতে গেলে ঝগড়া হয়। এখানকার পরিবেশ এমন হয় যেআমরাও অসুস্থ হয়ে পড়ি।’
ডায়ারিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে ১২ জন রোগী ভর্তি করা হয়েছে। বারান্দায় রয়েছে চারজন। এ ওয়ার্ডের নার্সরা বলেন, গরম ও ঠান্ডা বেশি হলে রোগীর চাপ বাড়ে। দিনে এ ওয়ার্ডে ৩৫-৪০ জন রোগী ভর্তি করতে হয়। তখন অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ঘুরেও প্রায় একই চিত্র দেখা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, ‘সব সময় শয্যাসংখ্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি করে সেবা দিতে হচ্ছে। এ জন্য আরও শতাধিক নার্স প্রয়োজন। সীমিত সামর্থ্যে সেবা নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ দর্শনার্থী প্রসঙ্গে তিনি বলেন, দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে বিপত্তিতে পড়তে হয়। অনেক সময় রোগীর স্বজনেরা রাজনৈতিক প্রভাব দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চোখ রাঙান।