অপর্যাপ্ত সুবিধা কেড়ে নিচ্ছে প্রসূতি মায়ের প্রাণ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ৪৮৮টি উপজেলার মধ্যে ১৫৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের অস্ত্রোপচারসহ পূর্ণাঙ্গ সেবা পাওয়ার কথা। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত এই উপজেলাগুলোর মধ্যে মাত্র ৮০টিতে শল্যচিকিৎসক ও অবেদনবিদ ছিলেন। বাকিগুলোয় চিকিৎসক না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশে প্রতিবছর সাত হাজার মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। মায়েরা কেন মারা যাচ্ছেন, তা খতিয়ে দেখতে ইউনিসেফের সহযোগিতায় সরকার ২০১০ সাল থেকে মৃত্যু পর্যালোচনার কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারটি জেলার ৫৭১টি মাতৃমৃত্যু পর্যালোচনা করে দেখা গেছে, প্রসবকালীন জটিলতা নিয়ে হাসপাতালে আসা ৪৭ দশমিক ৭ শতাংশ মা মারা যাচ্ছেন। এর বাইরে ১৭ শতাংশ মারা যাচ্ছেন বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে। কিংবা হাসপাতাল থেকে হাসপাতালে ঘোরার সময় বা হাসপাতালের অপর্যাপ্ত সেবার কারণে এসব মৃত্যু ঘটছে। এই চারটি জেলা হলো ঠাকুরগাঁও, জামালপুর, মৌলভীবাজার ও নড়াইল। এখন এই চারটির পাশাপাশি পঞ্চগড়, সিরাজগঞ্জ, নেত্রকোনা, বাগেরহাট, বান্দরবান ও কক্সবাজারে এসব মৃত্যু পর্যালোচনার কাজ চলছে।
তবে সামগ্রিকভাবে মাতৃমৃত্যুর হার কমাতে দুই দশক ধরে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে।
মৃত্যু পর্যালোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আগে বলা হতো, হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় মায়েদের মৃত্যু হচ্ছে। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, মায়েদের একটা বড় অংশ মারা গেছেন হাসপাতালে পর্যাপ্ত
সেবার অভাবে।’ এ বছরের শুরুতে ইউএসএআইডির সহযোগিতায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১ হাজার ৫৯৬টি চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর জরিপ চালায়। জরিপে দেখা গেছে, গর্ভধারণের পর থেকে প্রসবকালীন জটিলতা দেখা দেওয়া পর্যন্ত যেসব সেবা প্রয়োজন, তার শতভাগ কোনো কেন্দ্রে দেওয়া যাচ্ছে না।
মাতৃ ও শিশুস্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঠপর্যায়ে জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করা যাচ্ছে না, প্রসবকালীন জটিলতা দেখা দিলে অস্ত্রোপচার দরকার। এ জন্য দুজন চিকিৎসক (শল্যচিকিৎসক ও অবেদনবিদ) লাগবেই। ১৯৯০ সাল থেকে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু হলেও কখনোই সব কেন্দ্রে দুজন চিকিৎসক পাওয়া যায়নি। আর সন্তান জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মায়েদের মৃত্যু হলেও সব কেন্দ্রে রক্তসঞ্চালনের ব্যবস্থা নেই। তাঁরা মনে করেন, মাতৃমৃত্যুর হার কমানোয় তাঁদের কর্মসূচি ‘বিশাল’ কোনো অবদান রাখতে পারছে না। তবে মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক পবিত্র শিকদার বলেছেন, তাঁরা সব কেন্দ্র সচল রাখার চেষ্টা করছেন।