অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও যাতায়াত ব্যবস্থা সন্দ্বীপের মূল সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মূল সমস্যা হিসেবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা ও মূল ভূখণ্ডে আসা-যাওয়ার সমস্যাকে চিহ্নিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। গতকাল বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চল এ মতবিনিময় সভার আয়োজন করে। ‘সমস্যা ও সম্ভাবনা: পরিপ্রেক্ষিত সন্দ্বীপ’ বিষয়ক এ মতবিনিময় সভায় নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী বলেন, সন্দ্বীপে মূল ভূখণ্ডে আসা-যাওয়ার সমস্যা সমাধান করতে পারলে অনেক সমস্যা সমাধান হতে বাধ্য। ভূপ্রাকৃতিক অবস্থানের বিষয় বিবেচনা করে সঠিক পরিকল্পনা অনুযায়ী এ অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া উচিত।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-খাজা আলামিন বলেন, নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সন্দ্বীপের শ্রেণী-পেশার মানুষদেরও এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
পৌর মেয়র জাফর উল্লাহ বলেন, সন্দ্বীপে চিকিত্সাসেবা বলতে প্যারাসিটামল আর ব্যান্ডেজ—এ দুই। বছরে আট মাস সাগর উত্তাল থাকায় জরুরি রোগীদের আনা-নেওয়া খুবই কষ্টকর। অথচ পদ থাকলেও চিকিত্সকেরা সন্দ্বীপে যেতে চান না। জরুরি ভিত্তিতে সন্দ্বীপে প্রসূতিসেবা নিশ্চিত করা দরকার।
আলোচনা সভায় ‘আমরা সন্দ্বীপবাসী’ সংগঠনের আহ্বায়ক রফিকুল মাওলা বলেন, প্রায় ১৮ কিলোমিটার লম্বা সন্দ্বীপ চ্যানেল দিয়ে মূল ভূখণ্ডে ঝুঁকিপূর্ণভাবে আসা-যাওয়া করতে হয় যাত্রীদের। জেলা পরিষদ সেবার বদলে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি প্রাধান্য দেওয়ায় সন্দ্বীপবাসী আশাহত হয়েছেন।
মতবিনিময় সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খসরু মিয়া বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন সন্দ্বীপের নানা শ্রেণী-পেশার মানুষ।