অপর্যাপ্ত স্যানিটেশনে বছরে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর্যাপ্ত স্যানিটেশন-ব্যবস্থার কারণে বাংলাদেশে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাংক পরিচালিত পানি ও স্যানিটেশন কর্মসূচির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।‘বাংলাদেশে অপর্যাপ্ত স্যানিটেশনের অর্থনৈতিক প্রভাব’ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত বুধবার। প্রতিবেদনে বলা হয়, এই ক্ষতি ২০০৭ সালে দেশের মোট জাতীয় উৎপাদনের ৬ দশমিক ৩ শতাংশের সমান।অর্থনীতিতে অপর্যাপ্ত স্যানিটেশনের বিরূপ প্রভাবের তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে: অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে মৃত্যু ও রোগ বৃদ্ধি; নিরাপদ পানির অপ্রতুলতা; পানিশোধনের সীমাবদ্ধতা এবং শিক্ষাক্ষেত্র, উৎপাদনশীলতা ও সময়ের ক্ষতি। প্রতিবেদনের তথ্য ২০০৭ সালের।প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত স্যানিটেশনের জন্য মোট আর্থিক ক্ষতির ৮৪ দশমিক ৩ শতাংশ হচ্ছে অকালমৃত্যু ও রোগজনিত কারণে। এর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে কর্মঘণ্টা অপচয়ে এবং এটি হচ্ছে প্রয়োজনীয় সময়ে ল্যাট্রিন কাছে না থাকায়। নিরাপদ পানির অপ্রতুলতার জন্য বছরে লোকসান হচ্ছে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা।প্রতিবেদনে দেখা যায়, অকালমৃত্যুজনিত অর্থনৈতিক ক্ষতির ৯৫ শতাংশই হয় পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ও রোগের কারণে। এই বয়সী শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণ ক্ষতি হয়, এখনো তার সিংহভাগের জন্য দায়ী ডায়রিয়া এবং এ ক্ষতি স্বাস্থ্য খাতের মোট ক্ষতির ৩ ভাগের প্রায় ২ ভাগ। এরপর রয়েছে শ্বাসনালির মারাত্মক ক্ষত, যার ক্ষতির পরিমাণ স্বাস্থ্য খাতের ক্ষতির ১৫ শতাংশ।অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার মূল শিকার দরিদ্র পরিবার। অপর্যাপ্ত স্যানিটেশনের মোট অর্থনৈতিক ক্ষতির ৭১ শতাংশই পোহাতে হয় তাদের।প্রতিবেদনে বলা হয়েছে, অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ২০০৭-০৮ অর্থবছরে দেশের জাতীয় উন্নয়ন বাজেটের ৩৩ শতাংশ ছাড়িয়ে গেছে। এই ক্ষতি জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রায় পাঁচ গুণ এবং শিক্ষা খাতে বরাদ্দের প্রায় তিন গুণ।প্রতিবেদনে স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নে অধিকতর বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার ‘২০১৩ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন’ লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। স্যানিটেশন খাতে এই বরাদ্দ লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের প্রতিশ্রুতির সাক্ষর বহন করে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্যানিটেশন ও হাইজিন-ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে শিশুমৃত্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হবে, পরিবার-পর্যায়ে নিরাপদ পানি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত খরচ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অনুপস্থিতি কমানো যাবে এবং উৎপাদনশীলতা বাড়ানো যাবে।প্রতিবেদনে আরও বলা হয়, সবার সমন্বিত উদ্যোগে স্যানিটেশন-ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার আর্থিক সাশ্রয় করা সম্ভব হবে। এতে সুপারিশে বলা হয়, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের পাশাপাশি বিদ্যালয়, বাসস্ট্যান্ড, জনবহুল স্থানে ল্যাট্রিন ব্যবহার বাড়াতে হবে। স্যানিটেশনের বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি ও এ ব্যাপারে স্থানীয় সরকারকে সক্রিয় করার উদ্যোগ নিতে হবে। ডায়রিয়াজনিত রোগের প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য খাতে আরও উদ্যোগী হতে হবে। স্যানিটেশনের ক্ষেত্রে দেশে কী অগ্রগতি হচ্ছে, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা জোরদারের কথাও বলা হয় সুপারিশে।