ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান, ধর্মের নামে গুপ্তহত্যা, ঐতিহ্যগত মেলা-উৎসব বিনষ্টের চেষ্টা ইত্যাদি বিষয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
গতকাল সোমবার ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিদাতারা হলেন—আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সুলতানা কামাল, সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী, রামেন্দু মজুমদার, রানা দাশগুপ্ত, আবেদ খান, কাজল দেবনাথ ও এম এম আকাশ।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, কয়েক বছর ধরে দেশে পবিত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটছে। যারা ঘটাচ্ছে, তাদের মূল লক্ষ্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণকে আতঙ্কিত করে জঙ্গিবাদের চারণক্ষেত্র সৃষ্টি করা। ঐতিহ্যগতভাবে গ্রামীণ জনপদে শরৎ থেকে বসন্তকাল অবধি যাত্রা, লালনগীতি, কীর্তনসহ বিভিন্ন মেলাভিত্তিক উৎসব অনুষ্ঠিত হয়। পাশাপাশি চলে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানও। এ সকল উৎসবে ধর্মপালনের একটি ভিত্তি থাকলেও বহু ক্ষেত্রেই এই সব আয়োজনের প্রধান অনুষঙ্গ থাকে কৃষিভিত্তিক ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিসেম্বর মাসজুড়ে সারা দেশে চলে বিজয়ের মাসের অনুষ্ঠানমালা। এই সংস্কৃতিবিনাশী অপশক্তি যুদ্ধাপরাধের রায় কার্যকর করায় মরিয়া হয়ে বাঙালির উৎসব বিনষ্ট এবং মুক্তমনা ব্লগার এবং বুদ্ধিজীবীদের গুপ্তহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করে এই অপচেষ্টা অব্যাহত রেখেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘উগ্র ধর্মবাদী কার্যক্রম ও জঙ্গিবাদ আজ একটি বৈশ্বিক সমস্যা। পশ্চিমা শক্তির এই ভ্রান্তনীতিই তাদের মানবসভ্যতা ও মানবতাবিরোধী কার্যকলাপকে পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে। আমরা জানি, বাংলাদেশে আইএসের সংগঠিত উপস্থিতির বিষয়টি অবাস্তব। বস্তুতপক্ষে একই লক্ষ্যে দেশে নানা নামে জঙ্গিরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জনে তৎপর হয়েছে। বাংলাদেশে তাদের এই অপতৎপরতা এবং পশ্চিমা শক্তির মাত্রাতিরিক্ত নিরাপত্তার বিষয়ে প্রতিক্রিয়া এই অপশক্তির লক্ষ্য পূরণে সহায়ক হয়েছে। বস্তুতপক্ষে কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বে নিরাপত্তা আজ ঝুঁকির সম্মুখীন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, দেশের ব্যাপকতম মানুষ শান্তিপ্রিয় এবং বাঙালি সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধর্মবিশ্বাসী মানুষই ধর্মের নামে গুপ্তহত্যা এবং ঐতিহ্যগত মেলা-উৎসব বিনষ্টের বিরোধী হতে বাধ্য। তাই সকলের নিরাপত্তা রক্ষায় এবং বাঙালির সংস্কৃতির সুস্থ বিকাশের জন্য এই সংস্কৃতিবিনাশী সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে রুখে দাঁড়ানোর জন্য সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শক্তি তথা সর্বজনের ঐক্যবদ্ধ প্রয়াস একান্তভাবে প্রয়োজন।’