
ভোরে তোপধ্বনি দিয়ে শুরু। বিকেলে সুরের মূর্ছনায় শেষ। মাঝখানে সারা দিন বিজয়ী বাঙালির। হাতে লাল-সবুজের দোলা, বসনে রঙের খেলা, শহরে-গ্রামে প্রাণের মেলা। ফুল-ভালোবাসা, অশ্রু-আনন্দ, গানে-আবৃত্তিতে মুক্তির উচ্ছ্বাস। এই তো ছিল ৪৩তম বিজয় দিবস।
ছিল, আর ছিল প্রত্যয়। অপশক্তিকে রুখে দাঁড়ানোর। সব জরা ঝেড়ে নতুন করে জেগে ওঠার। সেই প্রত্যয়েই তরুণেরা নেমেছে পথে, উঠেছে মঞ্চে। ঝাঁজালো গলায় বলেছে, ‘জয় বাংলা’; মায়াভরা কণ্ঠে গেয়েছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
প্রায় এক মাসের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ‘সাময়িক মুক্তির আনন্দ’ নিয়ে যেন গতকাল সোমবার বিজয় দিবসে জেগে ওঠে অবরুদ্ধ ঢাকাবাসী। ভাষণে-স্লোগানে মুখর শহর। পথে-প্রান্তরে, উদ্যানে-বিপণিতে উচ্ছল সব। এই সবকিছুতে ভিন্ন মাত্রা দিয়েছে দুটি আয়োজন। এক. একাত্তরে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় চারটা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া। দুই. পাকিস্তানকে আবার পরাজিত করা। হ্যাঁ, গত বছর ২৪ হাজার ২০০ মানুষ নিয়ে সবচেয়ে বড় জাতীয় মানব পতাকার যে রেকর্ড পাকিস্তান করেছিল, গতকাল দুপুর একটা ৩৫ মিনিটে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে তা ভেঙেছে বাংলাদেশ। বিজয় দিবসকে স্মরণ করে ২৭ হাজার ১১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়েছে বাংলাদেশ।
এই জাতীয় সংগীত আর পতাকার আবেগেই হরতাল-অবরোধ, সহিংসতা আর একের পর এক মানুষ হত্যায় আতঙ্কগ্রস্ত মানুষের মধ্যে দৃঢ়প্রত্যয় ছিল নতুন করে জেগে ওঠার। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আয়োজিত পৃথক কর্মসূচিতেও ফুটে ওঠে এ প্রত্যয়। যুদ্ধাপরাধীদের সাজা দ্রুত কার্যকর করার দাবি ওঠে সারা দেশেই। দাবি ওঠে জামায়াত-শিবির নিষিদ্ধেরও। জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ১৬ ডিসেম্বরের আগে কার্যকর হওয়ায় এবারের বিজয় দিবস ছিল ভিন্ন রকমের।
অনুষ্ঠানাদি: সাভারে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শুরু হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভোর ছয়টা ৩৯ মিনিটে। এরপর শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার শওকত আলী। মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধের ফটক। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরই মিছিল নিয়ে প্রবেশ করেন সাভার, ধামরাই, মানিকগঞ্জসহ আশপাশের এলাকার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আটটা ১০ মিনিটে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। তিনি আসার আগ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা স্মৃতিসৌধের বেদির আশপাশে অবস্থান নেন। বিএনপির নেত্রী আটটা ২০ মিনিটের দিকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সারিবদ্ধ মানুষের স্রোত বেলা ১১টার দিকে মূল ফটক পর্যন্ত গিয়ে ঠেকে।
এরপর আসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একটি দল। তাঁদেরই একজন মো. সোহেল, যুদ্ধ করে আহত হয়ে এখন হুইলচেয়ারে চলাফেরা করেন। তিনি বলেন, ‘এবারের বিজয় দিবসের সবচেয়ে বড় উপহার কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়া। যুদ্ধে আমরা শত শত কাদের মোল্লাকে মোকাবিলা করেছি। চিহ্নিত সবার বিচার চাই।’
স্মৃতিসৌধের পাশে নিরিবিলি আবাসিক এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। প্রতিবছরের মতো এবারও খুব সকালেই ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ ১০ জনের দল নিয়ে ফুল দিতে এসেছেন।
মিরপুর থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান সালেহীন বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত-শিবির দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছিল। দুপুর নাগাদ ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। সারিবদ্ধভাবে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নানা রঙে সজ্জিত মানুষ ফুল দেন বেদিতে। মূল ফটক থেকে ধীর পায়ে এগিয়ে যাওয়ার সময় মুক্তিযুদ্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা।
ক্ষোভ জামায়াতের বিরুদ্ধে: সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, স্মৃতিসৌধে ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, একাত্তরে মা-বোনদের ইজ্জত হরণকারী ও ৩০ লাখ শহীদের ঘাতকদের মধ্যে একজনের বিচার কার্যকর করে জাতি বিজয় দিবস পালন করছে। বাকি ঘাতকদের রায় কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, একাত্তরে যেমন উদ্বেগ-উৎকণ্ঠা ছিল, জামায়াতসহ বিরোধী দল সে রকম একটা পরিবেশ সৃষ্টি করেছে।
নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির ছয় মন্ত্রী এবং এক উপদেষ্টা রয়েছেন। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের সময় উপস্থিত ছিলেন শুধু উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু ও প্রতিমন্ত্রী মুজিবুল হক। রুহুল আমিন হাওলাদার ও জি এম কাদের মন্ত্রিসভার সদস্য হয়েও আলাদা ফুল দেন।
অন্যান্য কর্মসূচি: বড় কর্মসূচি ছিল সোহরাওয়ার্দী উদ্যোনে। চারটা ৩১ মিনিটে সেখানে লাখো কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। এ ছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৭ হাজার ১১৭ জনের তৈরি মানব পতাকা বিজয় উৎসবে নতুন মাত্রা যোগ করে। এ দুটি কর্মসূচিই দেশে-বিদেশে নজর কেড়েছে।
আওয়ামী লীগ আয়োজিত বিজয় র্যালিতে ছিল মানুষের ঢল। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সড়কজুড়ে ওই র্যালি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড, ঢাকার সাংসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খোলা ট্রাক, ঘোড়ার গাড়ি, ঢাকঢোল নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
এর আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সূর্যোদয়ের সময় ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় সেনাবাহিনী, সদরঘাট এলাকায় নৌবাহিনী এবং মিরপুর ২ নম্বর জাতীয় স্টেডিয়ামে বিমানবাহিনীর বাদক দল বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাদ্য পরিবেশন করে।