>সুপ্রিম কোর্ট চত্বর থেকে গত বৃহস্পতিবার রাতে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন এটি সরিয়ে ফেলার দাবি জানিয়ে আসছিল। প্রথম আলোর কাছে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা
ভাস্কর্য অপসারণের ঘটনা ধর্মীয় মৌলবাদী অপশক্তির কাছে কার্যত মাথা নত করার শামিল। এ ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার মৌলবাদীদের কূটকৌশলকেই ত্বরান্বিত করা হলো।
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ হলো মুক্তবুদ্ধির চর্চা এবং শিল্পকলার মুক্ত চর্চার পরিবেশ অবাধ রাখার ব্যবস্থা করা। কিন্তু তা হচ্ছে না। সারা দেশে মুক্তবুদ্ধি ও শিল্পকলার চর্চায় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। শিল্পীরা আক্রান্ত হচ্ছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও একই সঙ্গে ভাস্কর্যটি আগের জায়গায় স্থাপনের দাবি জানাই। ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির চক্রান্ত থেকে দেশকে বাঁচাতে হলে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
নাসির উদ্দীন ইউসুফ: সাংস্কৃতিক ব্যক্তিত্ব