অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যথেষ্ট শক্তিশালী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যথেষ্ট শক্তিশালী নয় বলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। যেটি আন্তর্জাতিকভাবে ন্যায়বিচারের প্রতীক। পৃথিবীর বহু দেশে এ ভাস্কর্য আছে। হেফাজত সেটি নিষিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নাট্যভাষা বাংলা আমার’ শীর্ষক পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে একটি ঘটনার কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা আমাকে বললেন, পাঠ্যপুস্তকের যে পরিবর্তনগুলো নিয়ে সমালোচনা করছি, সেগুলো আমি পড়েছি কি না? এর জবাবে ওই কর্মকর্তাকে বলেছি, যে পরিবর্তনগুলোকে হেফাজত বিবৃতি দিয়ে স্বাগত জানায়, সেটি আমার না পড়লেও চলে।’
আসাদুজ্জামান নূর বলেন, একদিকে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করছেন। কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করেছেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কারণে এটি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে অপশক্তি।
সমাজে অসহিষ্ণুতার বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘কদিন পর এ নাটক করতে পারবেন না। আপনি গান গাইতে পারবেন না। আপনি কবিতা আবৃত্তি করতে পারবেন না। অপশক্তিকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারব না কেন? কেন এক হয়ে লড়াইয়ে নামতে পারব না? কেন সংস্কৃতিচর্চাকে এ লড়াইয়ের অন্যতম হাতিয়ার হিসেবে তুলে নেব না? সংস্কৃতিকর্মীদের বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর কাজটি অনেক দিন করতে হবে। বনের মোষটি তাড়াতে না পারলে বাংলাদেশ নামের যে ফুলের বাগান, তা তছনছ করে ফেলবে।’
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতিচর্চা বিলুপ্ত হয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, সন্তানদের ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করানো হচ্ছে। কিন্তু তারা ভালো মানুষ হচ্ছে কি না, সেটি নিয়ে তেমন চিন্তা করা হচ্ছে না। ঢাকার উত্তরায় কিশোর অপরাধমূলক কাজ করার জন্য গোষ্ঠী তৈরি করেছে। এমনকি খুনও করেছে। এ কিশোরেরা শিক্ষিত পরিবারের সন্তান। হয়তো এখন তেমন ধাক্কা খাচ্ছে না কেউ। কিন্তু একদিন ধাক্কা খাবে।
একুশে স্মরণে তির্যক নাট্যদল আয়োজিত এই নাট্য উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি মনোজ মিত্র। বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।