অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতিচর্চা বড় অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বন্ধু ৮৪ সংগঠনের সংস্কৃতিপ্রেমী মানুষদের মতো অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের পকেটের টাকা খরচ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বাড়ির খেয়ে বনের মহিষ তাড়িয়ে বেড়াচ্ছে। বনের মহিষটা হলো ওই সাম্প্রদায়িক শক্তি। যারা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মারে। সাম্প্রদায়িক শক্তি আজকে নতুনরূপে আবির্ভূত হয়েছে। সেটি হচ্ছে জঙ্গিবাদ। যারা হলি আর্টিজানের মতো ঘটনা ঘটায়। অপশক্তিকে মোকাবিলা করার ব্যাপারে আমাদের এক হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতিচর্চা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র।’
বন্ধু ৮৪ নওগাঁর আয়োজনে ছয় দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। করোনেশ সোসাইটি থিয়েটার হলে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এ উৎসবের উদ্বোধন করা হয়। এ উৎসব চলবে ১২ মার্চ পর্যন্ত।
উৎসবে ছয়টি নাট্যদল ছয়টি নাটক মঞ্চস্থ করবে। সংস্কৃতি মন্ত্রণালয় ও দ্য সাউথইস্ট ব্যাংকের সহযোগিতায় এ উৎসব হচ্ছে।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বর্তমানে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়াটা হচ্ছে অপূর্ণ। তার জন্য সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারছে না। ফলে তারা অদক্ষ মানুষ হিসেবে বেড়ে উঠছে। পূর্ণাঙ্গ মানুষ ছাড়া কিন্তু দক্ষ মানবশক্তি গড়ে উঠবে না।’
বন্ধু ৮৪ সংগঠনের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক।
নাট্য উৎসবের প্রথম দিনে গত মঙ্গলবার ঢাকার স্বনামধন্য আরণ্যক নাট্যদলের নাটক রাঢ়াঙ মঞ্চস্থ হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থিয়েটারের পঞ্চ নারীর আখ্যান, আজ ৯ মার্চ প্রাচ্যনাট্যের সার্কাস সার্কাস, কাল নাট্যদল থিয়েটার আর্টের আমিনা সুন্দরী, ১১ মার্চ নওগাঁর নাট্যদল করোনেশন হল সোসাইটি নওগাঁর শিখণ্ডী কথা ও ১২ মার্চ বগুড়ার নাট্যদল চৌপাশ সান্তাহারের এখনো দুঃসময় নাটক মঞ্চায়িত হবে।
উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক একাডেমি ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পত্নীতলার নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী।
এ উপলক্ষে এক সমাবেশে আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান সরকার সব ধর্ম, জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে কক্সবাজার, খাগড়াছড়ি, রামু, মানিকগঞ্জ, দিনাজপুর, রাঙামাটি, বিরিশিরিসহ অন্যান্য জেলায় একই ধরনের একাডেমি নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
সমাবেশে জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, পুলিশ সুপার মোজাম্মেল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ প্রমুখ।