২৮ মে ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন উপজেলার পাঁচটি ইউপির বিএনপি ও স্বতন্ত্র ছয় চেয়ারম্যান প্রার্থী। গতকাল রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান সোনাপুর ইউপির বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মোল্লা। লিখিত বক্তব্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল হক এবং রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলীর অপসারণ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে রামকান্তপুর ইউপির বিএনপির প্রার্থী সিদ্দিকুর রহমান, আটঘরের স্বতন্ত্র প্রার্থী আলীমুজ্জামান বাদশা, যদুনন্দীর বিএনপির প্রার্থী আবুল খায়ের মুন্সী ও ভাওয়ালের স্বতন্ত্র প্রার্থী বাচ্চু মাতুব্বর এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।