অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, দুর্ভোগে বগুড়াবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের অভিজাত এলাকা জ্বলেশ্বরীতলা। সেই জ্বলেশ্বরীতলার পাশেই আলতাফুন্নেছা খেলার মাঠ। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে কয়েক শ গজ সামনে আলতাফুন্নেছা খেলার মাঠের প্রবেশমুখে সাতানীবাড়ি সড়কে এখনো স্তূপ করা রয়েছে কোরবানির পশুর বর্জ্য।
বর্জ্যের দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের চার দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোরবানির বর্জ্য অপসারণ করা হয়নি।
শুধু আলতাফুন্নেছা মাঠের পাশে নয়। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় কোরবানির বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এতে পরিবেশ দূষণ-দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে।
গতকাল শহরের সেউজগাড়ি, কারমাইকেল সড়ক, সূত্রাপুর, ঈদগাহ মাঠ লেন, পানির ট্যাংকি লেন, ঘোড়াপট্টি, বাদুরতলা, নামাজগড়, রহমাননগর, মালতিনগর, জ্বলেশ্বরীতলাসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে।
সেউজগাড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, পশু কোরবানির বর্জ্যের স্তূপ এখনো পড়ে আছে। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ঈদের দুই দিন আগে থেকেই পৌরসভা এই এলাকায় বর্জ্য অপসারণ বন্ধ রেখেছে।
জ্বলেশ্বরীতলার বাসিন্দা আবদুস সালাম বলেন, কোরবানির পশু জবাইয়ের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এসব বর্জ্যের উৎকট গন্ধে আশপাশের বাসায় টেকা দায় হয়ে পড়েছে। কারমাইকেল সড়কের বজলুর রশীদ বলেন, বগুড়া শহরের সারা বছরের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র এমনিতেই বেহাল। কোরবানির উচ্ছিষ্ট ও বর্জ্য অপসারণ না করায় গোটা শহরই এখন কার্যত দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে।
মালতিনগরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে সব সিটি করপোরেশন ও পৌরসভার বিশেষ উদ্যোগ থাকে। অথচ বগুড়া শহর থেকে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে পৌরসভার কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ঈদের তৃতীয় দিন পর্যন্ত অনেকেই পশু কোরবানি দিয়েছেন। এসব কোরবানির বর্জ্য অপসারণ করতে একটু দেরি হচ্ছে। তা ছাড়া ঈদের ছুটির কারণে বর্জ্য অপসারণে পরিবহন সংকটও রয়েছে। শুক্রবারের আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে বর্জ্য অপসারণ নিয়ে পৌর মেয়রের দাবির কোনো বাস্তব চিত্র বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চোখে পড়েনি।
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, কী কারণে এখনো বর্জ্য পড়ে আছে পৌরসভার সঙ্গে কথা বলে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।