গত দুই বছরের মতো এবারের শুকনো মৌসুমে বুড়িগঙ্গাসহ ঢাকার চার নদী ও এগুলোর দুই পারের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর ফলে গত দুই মৌসুমে প্রায় ২১ কোটি টাকা খরচ করে বর্জ্য পরিষ্কারের যে কাজ করা হয়েছিল, এর ধারাবাহিকতা বিঘ্নিত হবে।নৌপরিবহন মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বশীল সূত্রে এবার বর্জ্য পরিষ্কার না করার এ কথা জানা যায়। বলা হয়েছে, প্রকল্পের চূড়ান্ত অনুমোদনে যথাযথ তাগিদ না দেওয়া এবং কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ‘পরিষ্কারকরণ প্রকল্প’ আলোর মুখ দেখছে না।গত বছর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছিলেন, নদীর দুষণ কমাতে তাঁদের উদ্যোগ অব্যাহত থাকবে। বিআইডব্লিউটিএ ঢাকার নদীগুলো থেকে পলিথিন বর্জ্যসহ অন্যান্য আবর্জনা ওঠানো ও সরানোর কার্যক্রম নিয়েছিল ২০১০ সালের শুরুতে। কার্যক্রমে কিছু ত্রুটি থাকলেও প্রথমবারের মতো এ ধরনের প্রকল্প হাতে নেওয়ায় পরিবেশবাদীরা একে স্বাগত জানিয়েছিলেন। নতুন প্রকল্পের চড়াই-উতরাই: সংশ্লিষ্ট সূত্র জানায়, চার নদীর বর্জ্য অপসারণ ও পানি দূষণমুক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করার জন্য আগের প্রকল্পের ধারাবাহিকতায় ২২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয় ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত। ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ (আংশিক) নদী থেকে বর্জ্য অপসারণ এবং পানি দূষণমুক্তকরণ’ শিরোনামের এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলে পিইসি সভায় তা অনুমোদিত হয় এবং একনেকে পাঠানোর সুপারিশ করা হয়। ওই সুপারিশের আলোকে প্রকল্পের জনবলের ছাড়পত্রের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের জনবল ছাড়সংক্রান্ত কমিটির ছাড়পত্রও পাওয়া যায়। সে অনুযায়ী প্রকল্পটি পুনর্গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ থেকে যথাযথ তাগিদ দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন।প্রকল্পের কার্যক্রমে যা রয়েছে: প্রকল্পটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কারিগরি কার্যক্রম নেওয়ার কথা। প্রকল্পের যে সারপত্র তৈরি হয়েছে তা থেকে জানা যায়, ২২৮ কোটি টাকা থেকে নদীর তলায় জমা পলিথিন বর্জ্য কাটার যন্ত্র কেনার জন্য ৯০ কোটি টাকার হিসাব করা হয়। নেদারল্যান্ড থেকে ‘ক্রোকোডাইল’ ড্রেজার নামের দুটি যন্ত্র কিনতে খরচ হওয়ার কথা ৬০ কোটি টাকা। এই যন্ত্রটি শক্ত আবর্জনা কেটে রাস্তার ওপর রাখা বাক্সে ময়লা ফেলতে পারে। এ ছাড়া এই ড্রেজারের সাহায্যে ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার নদীপথের খননও সম্ভব।মোট বাজেট থেকে আবর্জনা অপসারণের জন্য আরও ৪০ কোটি টাকার হিসাব করা হয়। এই বাজেটের আওতায় বিশেষ ধরনের জলযান কেনার কথা ছয় কোটি টাকায়। এ ছাড়া তদারকি বা এনফোর্সমেন্ট যান কেনার কথা আড়াই কোটি টাকায়। এই কাজে পরিবেশ অধিদপ্তরকে কাজে লাগানোরও চিন্তা করা হয়। ঢাকার চারপাশের নদীতে ঘুরে অধিদপ্তরের নিয়োজিত ব্যক্তিরা শনাক্ত করবেন কোন শিল্প কারখানা থেকে নদীতে বর্জ্য আসছে কিংবা ওয়াসা বা ঢাকা সিটি করপোরেশন কীভাবে নদীকে দূষিত করছে। নদীতে আবর্জনা না ফেলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানে খরচ করার কথা দুই কোটি টাকা। বিআইডব্লিউটিএ অবশ্য প্রকল্পটি এগিয়ে নিতে তাগিদ না দেওয়ার কথা মানতে রাজি নয়। সংস্থাটির চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, বড় প্রকল্প অনুমোদনে বিআইডব্লিউটিএর তাগিদের অভাব ছিল না। এটা অনুমোদিত না হলেও আগের ধারাবাহিকতায় জলবায়ু ট্রাস্টের তহবিল সংগ্রহের চেষ্টা হচ্ছে। না হলে অন্য খাত থেকে অর্থ সংগ্রহ করতে হবে। তবে এখনো এ বিষয়ে কিছু করা যায়নি।আগে যে কাজ হয়েছিল: পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট মোট ২৫ কোটি টাকার তহবিল দিয়েছিল। দুই বছরে কাজে লাগানো হয় ১৬ কোটি ৯৩ লাখ টাকা। এই টাকার বাইরে বর্জ্য সরানোর কাজে বিআইডব্লিউটিএর নিজস্ব তহবিল থেকে প্রায় চার কোটি টাকা খরচ করা হয় আগেই। পরিবেশ অধিদপ্তরের বাকি টাকা ফেরত না দিয়ে পরিষ্কারের কাজ করা যেত বলে বিআইডব্লিউটিএ সূত্র দাবি করেছে। প্রকল্পটি হাতে নেওয়ার পর বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু থেকে কামরাঙ্গীরচর মাদ্রাসা পর্যন্ত তিন কিলোমিটার এবং তুরাগ নদের টঙ্গী বাজার এলাকার এক কিলোমিটার অংশে নদীর তলার বর্জ্য উঠিয়ে সরিয়ে নেওয়া হয়। মধ্যে কিছু বিরতি দিয়ে গত বছরের ৩০ জুন পর্যন্ত মোট ছয় হাজার ৬১১ ঘনমিটার বর্জ্য ওঠানো সম্ভব হয়। বুড়িগঙ্গার তলায় অতি কঠিন হয়ে যাওয়া প্রায় আট ফুট গভীর পলিথিন বর্জ্যের স্তর ওঠানো সম্ভব হয়নি। পরবর্তী সময়ে গৃহীত প্রকল্পে তা ওঠানোর কথা বলা হয়েছিল।পরিবেশবাদীর কথা: বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, শুরুতে বর্জ্য তুলতে অব্যবস্থাপনা ছিল। তার পরও অন্তত প্রথমবারের মতো কাজ শুরু করা হয়েছিল। বুড়িগঙ্গার সদরঘাটসহ দু-একটি জায়গা ছাড়া নদীগুলোর পানির মান কিছুটা ভালোও হয়েছিল। ধারাবাহিকতা না রাখায় এখন মনে হচ্ছে পুরো টাকাটাই অপচয় হয়েছে। তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষ করুক বা সুশীল সমাজ করুক, পরিষ্কারকরণে ধারাবাহিকতা থাকতেই হবে।