অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই: সুরঞ্জিত

বিচারপতিদের অপসরণের ক্ষমতা আগের মতো রাষ্ট্রপতির হাতেই রয়েছে, সংসদের হাতে শুধু অনুমোদনের ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি দাবি করেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বিলটি একটি নিরীহ ও নির্মোহ বিল। এখানে কোনো দুরভিসন্ধি নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া দুরভিসন্ধিমূলক’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের এমন মন্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দুরভসন্ধির যোগ্যতা সবার থাকে না। এটা আপনারই আছে। আপনি মন্ত্রী থাকাকালীন আপনার কর্মের মাধ্যমে একজন বিচারপতির বয়স বাড়িয়ে তাঁকে তত্ত্বাবধায়কের প্রধান করতে চেয়েছিলেন। দুরভিসন্ধি সব সময় আপনার মধ্যেই লুকায়িত থাকে। এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব না।’ তিনি বলেন, ‘এটি একটি নিরীহ ও নির্মোহ বিল। এখানে কোন দুরভিসন্ধি নেই। ’৭২-এর সংবিধানে যা ছিল তা-ই আছে। বিভিন্ন সামরিক ফরমান বলে সংবিধানে এ বিষয়ে যা সংযোজন এবং বিয়োজন করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে মাত্র।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিচারপতিদের কেউ অসুস্থ বা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাঁর অভিশংসন কোন প্রক্রিয়ায় করা হবে, তার জন্য এই বিল। বিচারপতিদের নিয়োগ এবং সরানোর ক্ষমতা আগে যেমন রাষ্ট্রপতির হাতে ছিল, এখনো সেভাবেই আছে। এখন তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন সংসদে পাঠাবে। আর সংসদ শুধু তার অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে। অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই রয়েছে। বিচারপতিদের ওপর যেন অবিচার না হয়, সেই জন্য সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ পাস হতে হবে। পরে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংসদ কোনো ব্যবস্থা নেবে না। অভিযোগ প্রমাণিত হলে শুধু অনুমতি দেবে।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমালোচনা করে তিনি বলেন, ‘এক গ্রুপ বলে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করলে কী হতো? কিন্তু আলোচনা কাদের সাথে করব? সেখানে একটা গ্রুপ বিএনপি রোগে রোগাক্রান্ত হয়ে বলে, ষোড়শ সংশোধনী (অভিশংসন) বিল উত্থাপনের নৈতিক অধিকার এই সংসদের নেই। এদের সঙ্গে কিসের আলোচনা? আরেক গ্রুপ কী আলোচনা করবে, তা তারা নিজেরাই জানে না!’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জাকির আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।